০২:৩০ পি.এম
কুমিল্লা, ১০ আগস্ট, ২০২৬ : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সম্মেলন কক্ষে।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। অর্থাৎ ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এ বছর কৃতকার্য হতে পারেননি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ফলাফলে দেখা যায়, বিভাগভেদে বিজ্ঞানে শিক্ষার্থীদের তুলনামূলক ভালো ফলাফল এসেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪০ শতাংশ।
জিপিএ-৫ অর্জনে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মোট ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৪৮ জনই ছাত্রী, বাকি ৩ হাজার ৯৬৬ জন ছাত্র। এবারের কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লাসহ ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ সিপন মিয়াসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বোর্ড কর্মকর্তা, বাসস’কে জানান যে, প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইন এবং সংশ্লিষ্ট মাধ্যমে জানতে পারবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন