০৮:১৩ পি.এম
জেলার পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের তাপে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারে গ্যাস সিলিন্ডার, তেল ও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।
খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিটও যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর তিনটি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, 'আমাদের সারা জীবনের উপার্জন এই দোকানের ওপর নির্ভরশীল। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার দাবি জানাচ্ছি।'
এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়, জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা ও এক বস্তা করে শুকনো খাবার এবং ২৬ জন ঘর মালিককে দশ হাজার টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন