সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৪ এম
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, এই পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের পাশাপাশি বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৪৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৭০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৫০ জন, গুলশান বিভাগ থেকে ৩৩ জন, উত্তরা বিভাগ থেকে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), একটি জিপ গাড়ী, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন এবং একজন ভিকটিম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের চিংড়ি শিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস হিসেবে পরিচিত। এই শিল্পের কেন্দ্রবিন্দু বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা। গলদা ও বাগদা চিংড়ি চাষের পাশাপাশি ভেনামি চিংড়ি চাষ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করেছে। উৎপাদন বাড়ানোর সম্ভাবনা থাকলেও বিদ্যুতের উচ্চমূল্য ও সংযোগ পাওয়ার জটিলতায় চিংড়ি চাষিরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
চাষিদের এই সমস্যার সমাধানে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং সহজে সংযোগ পাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরেছেন কানাডা বিএনপির সহসভাপতি সৈয়দ আমিনুল ইসলাম মুকুল। সম্প্রতি, ১৭ বছর পর তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় নিজ গ্রামের বাড়িতে ফিরে আসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামবাসী এবং চিংড়ি চাষিদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে আধুনিক প্রযুক্তিতে চিংড়ি চাষের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
মুঠোফোনে আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বাগেরহাট জেলার মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং মৎস্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত প্রণোদনা ও পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
চিংড়ি চাষিরা তাঁদের প্রধান সমস্যা হিসেবে চিংড়ির পোনার (রেণুপোনা) সংকট, মৎস্য খাদ্যের উচ্চমূল্য, জলাবদ্ধতা, বিদ্যুতের উচ্চমূল্য, সংযোগ পেতে জটিলতা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবের কথা তুলে ধরেন। তাঁরা সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। সৈয়দ আমিনুল ইসলাম মুকুল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে, সৈয়দ আমিনুল ইসলাম মুকুল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. জিয়াউল হক এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাগেরহাটের চিংড়ি চাষিদের জন্য সহজ পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং সরকারি প্রণোদনার আওতায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সভায় প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভেনামি চিংড়ি চাষে তুলনামূলক বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রচলিত গলদা ও বাগদা চাষের তুলনায় ভেনামি চিংড়ি চাষে প্রতি একরে প্রায় ১ হাজার ২০০ কেজি পর্যন্ত উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা, তুলনামূলক বেশি বাজারমূল্য এবং কম সময়ে উৎপাদনের সুযোগ থাকায় এ চাষে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা।
তবে ইনটেনসিভ ও সেমি-ইনটেনসিভ পদ্ধতিতে অধিক ঘনত্বে চিংড়ি চাষের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে নিয়মিত এয়ারেটর চালানো, ঘেরের পানি ওঠানো-নামানোর জন্য সাবমার্সিবল পাম্প ব্যবহার এবং রাতে নিরাপত্তা ও নজরদারির জন্য ঘেরের চারপাশে আলোর ব্যবস্থা করতে হয়। এসব কার্যক্রম পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিকল্প নেই।
চাষিদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকলে জেনারেটরের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। ফলে অনেক উদ্যোক্তা দূরদূরান্ত থেকে বৈদ্যুতিক খুঁটি ও তার টেনে বিপুল অর্থ ব্যয় করে সংযোগ নিতে বাধ্য হচ্ছেন। এরপরও তাঁদের গুনতে হচ্ছে তুলনামূলক বেশি বিদ্যুৎ বিল।
চাষিদের দাবি, বিদ্যুতের প্রচলিত মূল্য কাঠামোতেও রয়েছে বৈষম্য। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প সংযোগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে আবাসিক সাধারণ গ্রাহকের প্রথম স্ল্যাবে প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৭৩ পয়সা। সেচ সংযোগে সরকার আরও ৩০ শতাংশ প্রণোদনা বা ভর্তুকি দিয়ে থাকে। অথচ দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস চিংড়ি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে এ ধরনের বিশেষ সুবিধা না থাকায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে বলে অভিযোগ চাষিদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩২৩-এর সংসদ সদস্য এলিজা জামান এবং দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চিংড়ি চাষিদের সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি বাড়বে চিংড়ির উৎপাদন। একই সঙ্গে শক্তিশালী হবে দেশের রপ্তানিমুখী মৎস্য খাত, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং উন্মোচিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের আরও বড় সম্ভাবনা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫৭তম জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য ২৩০০-এর বেশি ভারতীয় শিখ তীর্থযাত্রী পাকিস্তানে পৌঁছেছেন। রোববার (২২ নভেম্বর) ওয়াগাহ সীমান্তের মাধ্যমে তাঁরা পাকিস্তানে প্রবেশ করেন। পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ বছর ভারত থেকে মোট ২ হাজার ৩৩৯ জন শিখ তীর্থযাত্রী আসেন।
পাকিস্তানের ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) মুখপাত্র আমির হাশমি জানিয়েছেন, ভারত থেকে আসা তীর্থযাত্রীরা নানকানা সাহিবে গুরু নানকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাঁদের জন্য পাকিস্তানের হাইকমিশন প্রায় ৩ হাজার ১০০টি ভিসা প্রদান করেছে।
ওয়াগাহ সীমান্তে তীর্থযাত্রীদের স্বাগত জানান ইটিপিবির চেয়ারম্যান কামার জামান, সচিব নাসির মুশতাক, পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি ও পাঞ্জাবের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সর্দার রমেশ সিং অরোরা সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় তীর্থযাত্রী দলের নেতাদের ফুল দিয়ে বরণ করা হয়।
তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সীমান্তে অভিবাসন ও ব্যাগেজ তল্লাশির জন্য বিশেষ কাউন্টার খোলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া, মুদ্রা বিনিময়, পরিচয়পত্র তৈরি ও বাসের টিকিট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
হাশমি জানিয়েছেন, তীর্থযাত্রীরা তিনটি পৃথক বহরে কঠোর নিরাপত্তার মধ্যে নানকানা সাহিবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী ২৪ নভেম্বর গুরু নানকের জন্মস্থান গুরুদ্বারা জন্মস্থান-এ মূল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি শিখ ওই আয়োজনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উৎসবের আনুষ্ঠানিকতা ২২ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে পাকিস্তানের ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী সর্দার মুহাম্মদ ইউসুফসহ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে থাকবে ভোগ, অখণ্ড পাঠ সাহিব এবং ঐতিহ্যবাহী পালকিবাহী শোভাযাত্রা নগর কীর্তন।
ইটিপিবির চেয়ারম্যান কামার জামান বলেন, পাকিস্তানে অবস্থানকালে ভারতীয় তীর্থযাত্রীরা যাতে কোনো অসুবিধায় না পড়েন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের স্মৃতি নিয়ে দেশে ফিরবেন।
এদিকে, পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি ও পাঞ্জাবের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা ভারতের প্রতি কার্তারপুর করিডর দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই করিডরের মাধ্যমে শিখ তীর্থযাত্রীরা কার্তারপুরের গুরুদ্বারা দরবার সাহিবে যেতে পারেন। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর করিডর দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় ভারত।
ভারত থেকে আসা আকাল তখত কর্তৃপক্ষের নেতা কালদীপ সিং গুরগাজ বলেন, পাকিস্তানের সঙ্গে শিখ সম্প্রদায়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। তিনি মন্তব্য করেন, দেশটিতে তাঁদের গুরুদ্বারগুলো নিরাপদে সংরক্ষিত আছে। দিল্লি গুরুদ্বারা ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি দলের নেতা পরমজিৎ সিং বলেন, গুরু নানকের স্মৃতিবিজড়িত হওয়ায় শিখদের কাছে পাকিস্তানের বিশেষ গুরুত্ব রয়েছে।
মূল অনুষ্ঠান শেষে ২৫ নভেম্বর তীর্থযাত্রীরা ফারুকাবাদের গুরুদ্বারা সাচা সৌদা পরিদর্শন করবেন। এরপর হাসান আবদালে গিয়ে গুরুদ্বারা পাঞ্জা সাহিবে রাত কাটাবেন। ২৭ নভেম্বর তাঁরা নারোওয়ালের কার্তারপুরে গুরুদ্বারা দরবার সাহিবে যাবেন। ২৯ ও ৩০ নভেম্বর লাহোরের বিভিন্ন ঐতিহাসিক গুরুদ্বারা পরিদর্শন শেষে ১ ডিসেম্বর ওয়াগাহ সীমান্ত দিয়ে সড়কপথে ভারতে ফিরবেন।
ধর্মীয় উৎসব ও বিশেষ দিবস উপলক্ষে ভারতীয় শিখদের পাকিস্তান সফর একটি নিয়মিত ঘটনা। এর আগে গত জুনে গুরু অর্জন দেবের মৃত্যুবার্ষিকী জোড় মেলা উপলক্ষে প্রায় ৬০০ শিখ তীর্থযাত্রী পাকিস্তানে এসেছিলেন। এ ছাড়া, এপ্রিলে বৈশাখী উৎসব উদ্যাপনে ভারতীয় শিখদের জন্য প্রায় ২ হাজার ৮০০টি ভিসা দেওয়া হয়েছিল। তথ্যসূত্র: দ্য ডন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আবারও আলোচনায় এসেছেন। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান ঢাকার এই ত্রাস। তবে দেশ ত্যাগের চেষ্টা করতে গিয়ে আবারও গ্রেপ্তার হয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের মাধ্যমে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। ইমিগ্রেশনে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যার অভিযোগও রয়েছে।
কুখ্যাত এই সন্ত্রাসী সর্বশেষ যখন গ্রেপ্তার হয়েছিলেন, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল।
কে এই সুইডেন আসলাম?
আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন।
রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনি দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন।
ঢাকার অপরাধজগতে সুইডেন আসলাম একসময় আতঙ্কের নাম ছিল। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার নাম উঠে আসে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার কারণে এবং ছদ্মবেশে চলাফেরা করার ফলে তার চারপাশে নানা রহস্য তৈরি হয়েছিল।
যেভাবে অপরাধজগতে সুইডেন আসলামের উত্থান
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে আসলামের অপরাধজগতে উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে তিনি আলোচনায় আসেন।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
১৯৯৬ সালে রানার অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। পরে একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলাম ও হান্নানের নাম আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান আসলাম।
রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামেই।
কারাগারে থেকেও নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগত
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর সুইডেন আসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন। একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৫ বছর। সে সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।
গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থের ভাগও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধেও তার জড়িত থাকার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধার হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
কীভাবে নাম হলো সুইডেন আসলাম
আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে একটি ব্যক্তিগত ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে ছিলেন। সেই সূত্রেই তিনি সুইডেন আসলাম নামে পরিচিত হন। পরে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
আসলামের ঘনিষ্ঠজনদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ‘ক্রসফায়ারের’ আশঙ্কায় তিনি জামিনের চেষ্টা করেননি।
জানা যায়, তার বিরুদ্ধে ১২টি মামলার মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।
২৭ বছর পর কারামুক্তি, দুই বছরের মাথায় আবারও গ্রেপ্তার
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন হিসেবে সুইডেন আসলাম পরিচিত। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। তার মুক্তি পাওয়ার বিষয়টি অনেকের কাছে অবাককর ছিল এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে, এরপর তাকে নিয়ে আলোচনা তেমন শোনা যায়নি। এবার আবার দুই বছরের মাথায় গ্রেপ্তার হয়ে আলোচনায় এলেন ঢাকার এক সময়কার এই ত্রাস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ