প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আবারও আলোচনায় এসেছেন। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান ঢাকার এই ত্রাস। তবে দেশ ত্যাগের চেষ্টা করতে গিয়ে আবারও গ্রেপ্তার হয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের মাধ্যমে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। ইমিগ্রেশনে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যার অভিযোগও রয়েছে।
কুখ্যাত এই সন্ত্রাসী সর্বশেষ যখন গ্রেপ্তার হয়েছিলেন, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল।
কে এই সুইডেন আসলাম?
আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন।
রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনি দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন।
ঢাকার অপরাধজগতে সুইডেন আসলাম একসময় আতঙ্কের নাম ছিল। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার নাম উঠে আসে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার কারণে এবং ছদ্মবেশে চলাফেরা করার ফলে তার চারপাশে নানা রহস্য তৈরি হয়েছিল।
যেভাবে অপরাধজগতে সুইডেন আসলামের উত্থান
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে আসলামের অপরাধজগতে উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে তিনি আলোচনায় আসেন।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
১৯৯৬ সালে রানার অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। পরে একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলাম ও হান্নানের নাম আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান আসলাম।
রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামেই।
কারাগারে থেকেও নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগত
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর সুইডেন আসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন। একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৫ বছর। সে সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।
গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থের ভাগও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধেও তার জড়িত থাকার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধার হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
কীভাবে নাম হলো সুইডেন আসলাম
আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে একটি ব্যক্তিগত ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে ছিলেন। সেই সূত্রেই তিনি সুইডেন আসলাম নামে পরিচিত হন। পরে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
আসলামের ঘনিষ্ঠজনদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ‘ক্রসফায়ারের’ আশঙ্কায় তিনি জামিনের চেষ্টা করেননি।
জানা যায়, তার বিরুদ্ধে ১২টি মামলার মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।
২৭ বছর পর কারামুক্তি, দুই বছরের মাথায় আবারও গ্রেপ্তার
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন হিসেবে সুইডেন আসলাম পরিচিত। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। তার মুক্তি পাওয়ার বিষয়টি অনেকের কাছে অবাককর ছিল এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে, এরপর তাকে নিয়ে আলোচনা তেমন শোনা যায়নি। এবার আবার দুই বছরের মাথায় গ্রেপ্তার হয়ে আলোচনায় এলেন ঢাকার এক সময়কার এই ত্রাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন