০৯:২৪ পি.এম
চাঁদপুরের হাজীগঞ্জে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু আনাছ ও দগ্ধ মরিয়ম উক্ত বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নাজির আহম্মেদ এবং তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় শিশু দুটি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই শিশু আনাছের মৃত্যু ঘটে এবং তার বোন মরিয়ম গুরুতর দগ্ধ হয়। অগ্নিকাণ্ডের ফলে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘরসহ ভেতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।
পরে স্থানীয়রা দগ্ধ মরিয়মকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের প্রাথমিক ধারণা হলো, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ও সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন