বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ এম
জুলাই মাসের অভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।
এ রায় সম্পর্কে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ওইদিন সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিটি শেয়ার করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায় সম্পর্কে ভারত অবগত হয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। সেই লক্ষ্যে আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকব।”
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের অধীনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রমের ৮ ম পর্যায় প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায়, নায়েব সাহেবের বাড়ির সামনে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রাঙ্গণে সোমবার সকালে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হিসাব রক্ষক ও ফিল্ড সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাছুম বিল্লাহ এবং সাধারণ কেয়ারটেকার মাও মাহতাব উদ্দিন।
ইফার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রমের ৮ ম পর্যায় প্রকল্পের শিক্ষক মাও আমিনুল হক ও ফারজানা আক্তার পলির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মডেল শিক্ষক আলেমা তাওহীদা আক্তার, মহিনন্দ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত মিনু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সমাজকর্মী হেলাল মিয়া, জুলাই আন্দোলনের শিক্ষার্থী মাহবুব আলম, অভিভাবক সুমন মিয়া, ক্বারী মাও মোখলেছুর রহমান প্রমুখ।
পরে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইফার দায়িত্বশীলদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় প্রয়াতদের স্মরণে বিশেষ দুয়া করা হয় এবং প্রয়াত অভিভাবকদের জন্যও দুয়া করা হয়। এ সময় ইফার দায়িত্বশীলগণ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আবু হাসনাত হিমেল রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের পুত্র। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও রয়েছেন। তাদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এভাবে তাকে গ্রেপ্তারের ফলে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ২২ জনে পৌঁছেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ নভেম্বরের নাশকতার পরিকল্পনার মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। তিনি উল্লেখ করেন, এর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা অপরিহার্য। গতকাল বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময়, কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তার সাক্ষাৎ ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান শামা ওবায়েদ। বিশেষ প্রতিবেদক জবাবে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি বাড়ছে এবং সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে।
বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।
শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ।
এ সময়, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি। তার মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে আওয়ামী ফ্যাসিবাদীচক্রের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য মীর মাজেদুর রহমান সজীব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক স্বাধীন মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম, কালিহাতী উপজেলার আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিবাদীচক্রের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বক্তারা সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ওয়ার্ড, পাড়া-মহল্লা, ইউনিয়ন, থানা সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বক্তারা অনুরোধ জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ