প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। তিনি উল্লেখ করেন, এর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা অপরিহার্য। গতকাল বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময়, কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তার সাক্ষাৎ ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান শামা ওবায়েদ। বিশেষ প্রতিবেদক জবাবে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি বাড়ছে এবং সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে।
বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।
শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ।
এ সময়, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি। তার মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন