বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:৫৪ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ তারা শুরু করেনি। তবে, তিনি মনে করেন যে, ক্ষমতায় আসার পূর্বে এই সংঘাতের সমাপ্তি হওয়া উচিত ছিল।
ট্রাম্প এসব মন্তব্য করেছেন ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে, যা আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র বিদ্যমান, তবে তা পূর্বের তুলনায় অনেক কম। ট্রাম্পের দাবি, ইরানের ড্রোন উৎপাদনকারীরা বর্তমানে সংকটের সম্মুখীন হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বিদ্যুৎ না থাকার কারণে ড্রোন নির্মাতারা উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না।
ট্রাম্প বলেন, “আমরা এই যুদ্ধ শুরু করিনি।” তিনি আরও যোগ করেন, “আমি এখানে আসার অনেক আগেই এই সংঘাতের সমাধান করা উচিত ছিল।”
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ওই সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালায় দেশ দুটি।
এর আগে গত বছরও আলোচনা চলাকালীন সময়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
তথ্যসূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের জন্য মাঠে নামবে। একই দিনে বিকালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ জাপানের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। রাতের খেলায় কারাবাও কাপের অংশ হিসেবে নিউক্যাসলের প্রতিপক্ষ হবে এভারটন।
মিরপুর টেস্ট: ২য় দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৯.৩০ মি., টি স্পোর্টস
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
ইংল্যান্ড–শ্রীলঙ্কা
দুপুর ২টা, ট্যাপম্যাড ও টি স্পোর্টস
কেপটাউন টেস্ট: ৩য় দিন
দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
দুপুর ২.৩০ মি., ট্যাপম্যাড
হকি: এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি
মালয়েশিয়া–দক্ষিণ কোরিয়া
বিকাল ৩টা, স্টার স্পোর্টস ২
বাংলাদেশ–জাপান
বিকাল ৫.১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত–চীন
সন্ধ্যা ৭.৩০ মি., স্টার স্পোর্টস ২
কারাবাও কাপ
এভারটন–নিউক্যাসল
রাত ১.৪৫ মি., ফ্যানকোড
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরাইলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ভোট চুরির অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। আংশিক ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে, যখন ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেতে যাচ্ছে ৪৮টি আসন। ফলে ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দুই জোটই দূরে রয়েছে।
এবারের নির্বাচনে আরব দলগুলোর উত্থান ঘটেছে। আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, তারা নেসেটে রেকর্ড ১৯টি আসন জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট আরবদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। যদিও শুরু থেকেই নেতানিয়াহু ও লিকুদ পার্টি আরবদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনাকে ধারাবাহিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আসছেন।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, ইসরাইলের নির্বাচন সেই আরব দলগুলো চুরি করেছে, যারা সন্ত্রাসবাদ এবং ইহুদি রাষ্ট্র ধ্বংসকে সমর্থন করে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আরব দলগুলো ভোটারদের জড়ো করতে ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। এর মধ্যে নগদ অর্থসহ খাম, জাল ভোট ও ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগ রয়েছে। ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে লিকুদ পার্টি।
ইসরাইলের এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। নির্বাচন-পরবর্তী বক্তব্যে তিনি বলেন, ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণ ইসরাইলি সমাজের জন্য ‘গৌরবের প্রতীক’। এটি গণতন্ত্রের প্রতি জনগণের দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন। বছরের পর বছর রাজনৈতিক অচলাবস্থা এবং বারবার নির্বাচনের পরিস্থিতি তৈরি হওয়ায় নতুন করে ভোট আয়োজন এড়ানোর ওপর জোর দেন তিনি।
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আরব ও ইহুদিদের সমন্বয়ে ঐক্য সরকার গঠনের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন ইসরাইলিরা। নির্বাচনের পর সরকার গঠনের পথ খুঁজতে হিমশিম খাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী পক্ষ। এ পরিস্থিতিতে আরব দলগুলো সরকার গঠনে নির্ধারক ভূমিকা রাখতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল বেলা ভোটার উপস্থিতি কম থাকলেও, সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে। এদিকে, নির্বাচনের আগে জামায়াতে ইসলামী অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতের মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে লড়াই করছেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।
নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের পক্ষপাতিত্বসহ নয় দফা অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার বলেন, "১৯৯৪ সালের মাগুরা-২ আসনের উপনির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তার পরিণতি স্মরণ রাখা উচিত।"
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ভোটগ্রহণ থেকে ফল ঘোষণা পর্যন্ত নজরদারি, অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এবং সেনা মোতায়েনসহ বিভিন্ন দাবি জানিয়েছে। জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশনের আশ্বাসের প্রতিফলন ভোটের মাঠে দেখতে চান তারা।
অন্যদিকে, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সিসি ক্যামেরা, বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
নির্বাচনে দায়িত্ব পালন করছেন ৩ হাজার ১৫২ জন ভোটগ্রহণ কর্মকর্তা। নিরাপত্তায় রয়েছেন ২১ প্লাটুন বিজিবি, এসআরবির ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ জন এবং আনসারের ২ হাজার ৪৬৫ সদস্য। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম বলেন, "আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি পরিকল্পনা অনুযায়ী সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ