ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি


ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি

প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল কফির গাঢ় সুবাসে শুরু হয়। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন সতেজতা এনে দেয়, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই পানীয়টি। তবে কফির এই জনপ্রিয়তার ইতিহাস ইউরোপের ক্যাফে থেকে নয়, বরং এর শিকড় ইয়েমেনের সুফি সাধনা, ইসলামী জ্ঞানচর্চা এবং অটোমান সাম্রাজ্যের সামাজিক সংস্কৃতিতে বিস্তৃত।

কফির ইতিহাস নিয়ে প্রচলিত একটি কাহিনিতে ইথিওপিয়ার ছাগলপালক কালদির উল্লেখ রয়েছে। বলা হয়, বুনো লাল ফল খাওয়ার পর তার ছাগলগুলো অস্বাভাবিকভাবে চঞ্চল হয়ে ওঠে। তবে কফির বীজকে ভেজে গরম পানীয় তৈরির প্রচলন গড়ে ওঠে লোহিত সাগরের ওপারে ইয়েমেনের উচ্চভূমিতে।

পঞ্চদশ শতাব্দীতে ইয়েমেনের জাবিদসহ বিভিন্ন ঐতিহাসিক শহর ও মোক্কার আশপাশের পাহাড়ি এলাকায় সুফি সাধকেরা কফির বীজ ভেজে ও ফুটিয়ে পান করতে শুরু করেন। দীর্ঘ সময় রাত জেগে ইবাদত, জিকির ও কোরআন তিলাওয়াতের সময় সজাগ থাকতে কফি তাদের কাছে একটি সহায়ক পানীয় হয়ে ওঠে।

আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন

সুফি সাধকদের কাছে কাহওয়া নামে পরিচিত এই পানীয় বিশেষ করে তাহাজ্জুদ ও ফজরের আগের আধ্যাত্মিক সাধনায় ব্যবহৃত হতো। ইবাদতের আগে বা মাঝে তারা একসঙ্গে বসে কফি পান করতেন। কফির বীজের প্রচলনের আগে ইয়েমেনে কফি ফলের শুকনো খোসা দিয়ে ‘কিশর’ নামে এক ধরনের পানীয় তৈরির চল ছিল, যাতে আদা ও দারুচিনি মেশানো হতো।

ধীরে ধীরে কফির জনপ্রিয়তা আরব উপদ্বীপজুড়ে ছড়িয়ে পড়ে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের আল-মোক্কা বন্দর কফি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। আধুনিক ‘মোচা’ শব্দটির উৎপত্তিও এই বন্দরনগরীর নাম থেকে হয়েছে।

দীর্ঘ সময় ইয়েমেন কফি বাণিজ্যে প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখে। মূল্যবান ফসলটির গুরুত্ব বিবেচনায় জীবন্ত কফি গাছ বা অঙ্কুরোদ্গমে সক্ষম বীজ বিদেশে নেওয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো। কফি বিন বিদেশে পাঠানোর আগে সেগুলো সেদ্ধ, ঝলসে বা পুড়িয়ে দেওয়া হতো, যাতে অন্যত্র সহজে নতুন গাছ জন্মাতে না পারে।

বাণিজ্যপথ ও হজযাত্রার মাধ্যমে কফি দ্রুত ছড়িয়ে পড়ে মক্কা-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে। ষোড়শ শতাব্দীর শুরুতে পানীয়টি কায়রোতেও পৌঁছে যায়। আল-আজহারকে ঘিরে থাকা শিক্ষার্থীদের আবাসিক এলাকায় কফি জনপ্রিয় হয়ে ওঠে। ইয়েমেনি শিক্ষার্থীরা রাত জেগে ইসলামী আইন ও কোরআন অধ্যয়নের সময় কাহওয়া পান করতেন।

আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ

তবে কফির জনপ্রিয়তার সঙ্গে বিতর্কও শুরু হয়। কফি শরীরের জন্য ক্ষতিকর কি না এবং ধর্মীয়ভাবে এটি বৈধ কি না, এ নিয়ে আলেম ও ফকিহদের মধ্যে আলোচনা হয়। পরবর্তী সময়ে ধর্মীয় ও চিকিৎসাবিষয়ক পর্যালোচনার মধ্য দিয়ে কফি মুসলিম সমাজে গ্রহণযোগ্যতা লাভ করে।

ষোড়শ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের প্রভাব আরব ভূখণ্ডে বিস্তৃত হলে কফি পৌঁছে যায় ইস্তাম্বুলের রাজদরবারে। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় কফি প্রস্তুত করা এক ধরনের আনুষ্ঠানিক শিল্পে পরিণত হয়। দক্ষ কফি প্রস্তুতকারীরা কফি বিন ভেজে গুঁড়া করে তামার লম্বা হাতলযুক্ত পাত্র ‘সেজভে’তে ফুটিয়ে পরিবেশন করতেন।

তবে কফির ইতিহাসে অটোমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ‘কাহভেহানে’ বা গণকফিঘরের বিকাশ। এসব জায়গা কেবল কফি পান করার স্থান ছিল না, বরং সামাজিক ও বুদ্ধিবৃত্তিক যোগাযোগের কেন্দ্র হয়ে ওঠে। সেখানে দাবা খেলা, কবিতা আবৃত্তি, দর্শন ও রাজনীতি নিয়ে আলোচনা চলত। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই জায়গায় মিলিত হওয়ার সুযোগ পেতেন।

পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সূত্রে ভেনিসের ব্যবসায়ীরা কফির সঙ্গে পরিচিত হন। সপ্তদশ শতাব্দীর শুরুতে ভাজা কফি বিন ইতালিতে আমদানি শুরু হয়। ভেনিস থেকে দ্রুত ইউরোপের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে কফি ও কফিঘরের সংস্কৃতি।

আরও পড়ুন: স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, প্রেমিকা এআই জানালেন

১৬৫২ সালে গ্রিক ও অটোমান বংশোদ্ভূত ব্যবসায়ী পাসকোয়া রোজি লন্ডনে একটি কফিঘর চালু করেন। এরপর প্যারিস, ভিয়েনা ও আমস্টারডামেও কফিঘর গড়ে ওঠে।

ইউরোপে এসব কফিঘরও ধীরে ধীরে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। লন্ডনে মাত্র এক পেনিতে এক কাপ কফি কিনে দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ থাকায় এসব স্থান ‘পেনি ইউনিভার্সিটি’ নামেও পরিচিতি পায়। বাণিজ্য, বিজ্ঞান, সাহিত্য ও রাজনৈতিক চিন্তাচর্চার বিকাশেও ইউরোপের কফিঘরগুলোর ভূমিকার কথা ইতিহাসে উল্লেখ করা হয়।

সুফি সাধকদের রাতের ইবাদত থেকে অটোমান দরবার, সেখান থেকে ইউরোপের কফিঘর পর্যন্ত দীর্ঘ এই যাত্রায় কফি শুধুমাত্র একটি পানীয় হিসেবে নয়, বরং সামাজিকতা, জ্ঞানচর্চা ও সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে।

সূত্র : হালাল ট্রিপ

আরও পড়ুন: আজ নতুন বন্ধু বানানোর দিন, পুরোনো বন্ধুত্বের গুরুত্বও তুলে ধরা হচ্ছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর

বালির ধূধু প্রান্তর, চারপাশে শুধুই শুষ্কতা এবং প্রাণহীনতার দৃশ্য—এটি চিলির আতাকামা মরুভূমির পরিচিত চিত্র। বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি হিসেবে পরিচিত এই বিশাল অঞ্চলটি এবার চেনা কঠিন হয়ে পড়েছে। প্রকৃতির অদ্ভুত খেয়ালে বালির প্রান্তর এখন ছেয়ে গেছে নানা রঙের ফুলে।

চিলির আতাকামা মরুভূমি প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টির দেখা মেলে না। ফলে বিস্তীর্ণ মরুভূমিতে গাছপালা বা প্রাণীর উপস্থিতি খুবই কম।

তবে প্রতি কয়েক বছর পরপরই এই মরুভূমির চেহারায় বড় পরিবর্তন দেখা দেয়। নির্দিষ্ট আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হলে মাটির নিচে দীর্ঘদিন ধরে সুপ্ত থাকা ফুলের বীজ জেগে ওঠে। তখন বালির জায়গা দখল করে নেয় রঙিন ফুল।

এই সময় আতাকামাকে বলা হয় ‘ফুলে ফোটা মরুভূমি’। প্রায় ২০০ ধরনের ফুল ফুটে মরুভূমির বিস্তীর্ণ এলাকা রঙিন হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হয়, বালির ওপর যেন কেউ রঙিন কার্পেট বিছিয়ে দিয়েছে।

এবারও প্রকৃতির বিশেষ পরিস্থিতিতে আতাকামায় এমন দৃশ্য দেখা গেছে। এল নিনোর প্রভাবে গত আগস্টে মরুভূমিটিতে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে ছিল তুলনামূলক ঠান্ডা আবহাওয়া।

বৃষ্টি এবং ঠান্ডার এই সমন্বিত প্রভাবেই মরুভূমির মাটিতে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা ফুলের বীজগুলো অঙ্কুরিত হতে শুরু করে। এরপর ধীরে ধীরে ফুলে ফুলে ছেয়ে যায় বিস্তীর্ণ এলাকা।

শুষ্ক মরুভূমির এমন অভাবনীয় রূপ দেখতে এখন সেখানে ভিড় করছেন অনেক মানুষ। বছরের বেশিরভাগ সময় যে অঞ্চলকে প্রাণহীন বালির প্রান্তর মনে হয়, সেই আতাকামাই এখন পরিণত হয়েছে রঙিন ফুলের অপূর্ব দৃশ্যে।

প্রকৃতির এই বিরল পরিবর্তন শুধু পর্যটকদের আকর্ষণ করছে না, বরং মরুভূমির কঠিন পরিবেশেও কীভাবে জীবনের অস্তিত্ব টিকে থাকতে পারে, তার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে আতাকামা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাধিক সুবিধাসহ ওয়ালটনের কল সেন্টারে চাকরির জন্য লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


একাধিক সুবিধাসহ ওয়ালটনের কল সেন্টারে চাকরির জন্য লাগবে যে যোগ্যতা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতার মধ্যে উল্লেখযোগ্য হলো, এমএস অফিসের উপর ভালো জ্ঞান থাকা আবশ্যক। বাংলা এবং ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে, প্রার্থীদের জন্য ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (মিরপুর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বা মুনাফার অংশ, বিমা, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর নিজের আগ্রহও প্রকাশ করেছেন।

একটি চিঠিতে, যা ফিফা কাউন্সিলের সদস্য এবং ২১১টি সদস্যসংস্থার কাছে পাঠানো হয়েছে, ইনফান্তিনো জানান যে, স্বাধীন একটি পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ফিফার কার্যক্রমে সম্ভাব্য উন্নয়নের বিষয়ে সুপারিশ নেওয়া হবে। তিনি আগামী মাসে কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে মতামত নেওয়ার প্রস্তাবও দিয়েছেন।

এই পর্যালোচনার মধ্যে ফিফা সভাপতির ভূমিকা, বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার বাস্তবসম্মত উপায়গুলো খতিয়ে দেখা হবে।

সম্প্রতি, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাব নিয়ে ইনফান্তিনো চাপের মুখে পড়েন। এই প্রস্তাবে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে ফিফা।

চিঠিতে পরিস্থিতি সামাল দেওয়ার ইঙ্গিত দিয়ে ইনফান্তিনো লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের উদ্দেশে লেখার আগে আমি সময় নিয়ে সবার কথা শুনেছি।’

তিনি কনফেডারেশন, সদস্যসংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।

এফএফই প্রস্তাবের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইনফান্তিনো দাবি করেন যে, এতে খেলাধুলাসংক্রান্ত সিদ্ধান্তে ফিফার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তাঁর ভাষ্য, ফিফার নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে।

কাউন্সিল ও সদস্যসংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের আগেই বিষয়টি প্রকাশিত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে এবং এমন ধারণা সৃষ্টি হয়েছে যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। তবে ইনফান্তিনোর দাবি, বাস্তবে এমন কিছু হয়নি।

ফিফা সভাপতি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না। এখনো নয়, ভবিষ্যতেও হবে না।’

এফএফই প্রস্তাব বাতিল হলেও ফুটবলে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না ইনফান্তিনো। তিনি জানিয়েছেন যে, সদস্যসংস্থাগুলোর উন্নয়ন ও সংহতি সহায়তা বাড়াতে ফিফার সম্পদ টেকসইভাবে বৃদ্ধির পথ খোঁজা অব্যাহত থাকবে।

ইনফান্তিনোর ভাষায়, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষা বদলাচ্ছে না; বদলাচ্ছে বড় ধারণাগুলো যেভাবে তৈরি, যাচাই ও চূড়ান্ত করা হয়, সেই প্রক্রিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে পাঠানো

গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে কামড়ে আহত করা সেই শিয়ালের মাথা গবেষণাগারে পাঠানো হয়েছে। শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু উপস্থিত ছিল কি না, তা নিশ্চিত করার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম। তিনি জানান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শিয়ালের মাথা থেকে নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ী এলাকায় শিয়ালটি আচমকা লোকালয়ে ঢুকে পড়ে। এরপর এটি পথচারী ও বাড়ির আশপাশে অবস্থানরত মানুষের ওপর একের পর এক হামলা চালায়। শিয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ ৯ জন আহত হন।

পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে একটি নির্জন স্থানে ফেলে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিয়ালটির মাথা সংগ্রহ করেন। এরপর বাকি অংশ মাটিতে পুঁতে রাখা হয়।

আহতদের মধ্যে তালুক বেলকা গ্রামের নিলি বেগম (৪০), সাদেক হোসেন (৭০), আফরুজা বেগম (৩৭) ও শাওন মিয়া (৬) রয়েছেন। জিগাবাড়ী গ্রামের আহতদের মধ্যে আছেন রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), এনামুল হক (২৬), আয়শা আক্তার (৩) ও হাসান মিয়া (৭)।

শিয়ালের হামলায় আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিদর্শন করে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ৯ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিলি বেগমকে সাড়ে ৭ হাজার টাকা এবং বাকি আটজনকে ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, শিয়ালটিকে মেরে একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়েছিল। পরে রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন এসে সেটির মাথা কেটে নিয়ে যান। বাকি অংশ মাটিতে পুঁতে রাখা হয়েছে।

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় শিয়ালটিকে খুঁজে বের করা হয়। পরে এর মাথা কেটে নেওয়া হয় এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখা হয়। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম বলেন, শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, সেটি নিশ্চিত হওয়াই এই পরীক্ষার উদ্দেশ্য।

তিনি আরও জানান, শিয়ালের কামড়ে আহত ৯ জনকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক কোনো সমস্যা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%