১১:৪৮ এম
আজ গার্মেন্টস শিল্প খাতে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি হার সুপারিশ করার উদ্দেশ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভা বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ একটি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তৈরি পোশাক খাতের শ্রমিকদের অসন্তোষ এবং এ খাতে চলমান অস্থিরতার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা অনুযায়ী ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ) সভাপতিত্ব করবেন এবং সভাটি অনুষ্ঠিত হবে বোর্ডের সভাকক্ষে (শাহ পোরশিয়া, (১৪তম তলা), ৪০, সেগুনবাগিচা, ঢাকা-১০০০)।
সভায় আলোচনা হবে বিভিন্ন বিষয়ে, যার মধ্যে রয়েছে অভ্যাগতদের পরিচয়-পর্ব, গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি হার সুপারিশ প্রণয়ন। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব নির্ধারিত বিকেল ৩টার পরিবর্তে সভাটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ
গত ১ নভেম্বর, সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করে। বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ৬ সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন