মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:২৪ এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : আগামীকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনের জন্য যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমান বাহিনীর এই মহড়া তিনি পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল পরিদর্শন করবেন। এছাড়া, তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও তিনি দেখবেন।
উপ-প্রেস সচিব জানিয়েছেন, মহড়া পরিদর্শনের পর বিকেলে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন।
এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথমবারের মতো নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ পরিদর্শনে যাচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকায়, পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রথম কম্পনটি ৭টা ২ মিনিটে এবং দ্বিতীয়টি ৭টা ৪ মিনিটে অনুভূত হয়। এই ঘটনায় অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রথম ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার নিকটবর্তী।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লিবিয়া এবং বাল্টিক সাগরে রাশিয়ার জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার পর কিয়েভকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি প্রদান করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের এই ধরনের হামলার প্রতিক্রিয়ায় দেশটির সামরিক স্থাপনায় আরও ব্যাপক আক্রমণ চালানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
পেসকভ আরও বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার সেনারা প্রতিদিন ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলোর ফলে কিয়েভ সরকারকে ‘খুবই কঠিন পরিণতি’ ভোগ করতে হচ্ছে।
বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার প্রসঙ্গে পেসকভ মন্তব্য করেন, এই ধরনের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। মস্কো আশা করছে, বাল্টিক অঞ্চলের দেশগুলো কিয়েভের ওপর প্রভাব খাটিয়ে ইউক্রেনের এই কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষম হবে।
এর আগে সোমবার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজে ইউক্রেনের বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে রুশ করভেট যুদ্ধজাহাজ মার্কারিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা হয়েছে।
এই ঘটনার পর লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জাতিসংঘে অভিযোগ করেছে। তাদের দাবি, এই হামলা লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতির অভিযোগের ভিত্তিতে সরকারটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
এদিকে, গত শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার কালিনিনগ্রাদগামী স্পার্টা-২ নামের একটি জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনী ধারণা করছে, ইউক্রেন এই হামলা চালিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক হামলাগুলো রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ওপর ইউক্রেনের বাড়তে থাকা আক্রমণের অংশ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহনে এই জাহাজগুলো ব্যবহার করে মস্কো।
এদিকে, বাল্টিক সাগরনির্ভর রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে পণ্য সরবরাহ সচল রাখতে দুটি রেল ফেরি কেনার পরিকল্পনা করেছে মস্কো। সোমবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানান, এ জন্য ৪৭ বিলিয়ন রুবল বা প্রায় ৫৭ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করা হবে।
লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় লিথুয়ানিয়া রাশিয়া থেকে ওই অঞ্চলে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্য পরিবহনে বিধিনিষেধ আরোপ করে। ফলে সমুদ্রপথে পণ্য সরবরাহের ওপর কালিনিনগ্রাদের নির্ভরতা বেড়ে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সম্পর্ক অটুট রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার (২৩ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ধনুচিয়া গ্রামে অনুষ্ঠিত নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—এমন সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টাই হোক আগামীর অঙ্গীকার।’
মিথুন রায় আরও বলেন, ‘বাংলাদেশে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। নড়াইলে প্রচার হয়েছে, একটি গ্রামের অনেক হিন্দু পরিবারের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে যদি আপনাদের কোনো স্বজন থাকেন, খোঁজ নিয়ে দেখবেন, ওই গ্রামে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অনেকে নানা ধরনের সুযোগ নিতে পারে। এ জন্য আপনারা নিজেদের গ্রাম পাহারা দিয়ে রাখবেন, যাতে কেউ অগ্নিসন্ত্রাস করতে না পারে। বাংলাদেশের এই সংকট থাকবে না।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।
কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২০টি কারখানা বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লি., স্টারলিং ক্রিয়েশন লি., বান্দো ডিজাইন লি. এবং নিউএইজ গ্রুপে। মৌখিকভাবে বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লি. এবং আজমত গ্রুপ।
অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ১৩(১) ধারা মোতাবেক ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুসুকা নিট লি., ক্রিস্টাল কম্পোজিট লি., আউটলেট স্টিচ লি., সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লি., মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., জিম্যাক্স ক্লোথিং লি., টপ টেক্স সোয়েটার লি., ফুটস্টেপস বাংলাদেশ লি., এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মন্ডল নিটওয়্যার লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি., হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লি., হংকুন লেদার কম্পানি লি., ভার্চুয়াল বটমস লি., প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন), ইয়াগী বাংলাদেশ লি।
মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কিছু কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মৌখিকভাবে বন্ধ দুটি কারখানা রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ