প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লিবিয়া এবং বাল্টিক সাগরে রাশিয়ার জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার পর কিয়েভকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি প্রদান করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের এই ধরনের হামলার প্রতিক্রিয়ায় দেশটির সামরিক স্থাপনায় আরও ব্যাপক আক্রমণ চালানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
পেসকভ আরও বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার সেনারা প্রতিদিন ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলোর ফলে কিয়েভ সরকারকে ‘খুবই কঠিন পরিণতি’ ভোগ করতে হচ্ছে।
বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার প্রসঙ্গে পেসকভ মন্তব্য করেন, এই ধরনের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। মস্কো আশা করছে, বাল্টিক অঞ্চলের দেশগুলো কিয়েভের ওপর প্রভাব খাটিয়ে ইউক্রেনের এই কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষম হবে।
এর আগে সোমবার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজে ইউক্রেনের বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে রুশ করভেট যুদ্ধজাহাজ মার্কারিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা হয়েছে।
এই ঘটনার পর লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জাতিসংঘে অভিযোগ করেছে। তাদের দাবি, এই হামলা লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতির অভিযোগের ভিত্তিতে সরকারটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
এদিকে, গত শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার কালিনিনগ্রাদগামী স্পার্টা-২ নামের একটি জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনী ধারণা করছে, ইউক্রেন এই হামলা চালিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক হামলাগুলো রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ওপর ইউক্রেনের বাড়তে থাকা আক্রমণের অংশ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহনে এই জাহাজগুলো ব্যবহার করে মস্কো।
এদিকে, বাল্টিক সাগরনির্ভর রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে পণ্য সরবরাহ সচল রাখতে দুটি রেল ফেরি কেনার পরিকল্পনা করেছে মস্কো। সোমবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানান, এ জন্য ৪৭ বিলিয়ন রুবল বা প্রায় ৫৭ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করা হবে।
লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় লিথুয়ানিয়া রাশিয়া থেকে ওই অঞ্চলে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্য পরিবহনে বিধিনিষেধ আরোপ করে। ফলে সমুদ্রপথে পণ্য সরবরাহের ওপর কালিনিনগ্রাদের নির্ভরতা বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন