ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, কিয়েভকে কঠিন পরিণতির হুঁশিয়ারি


রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, কিয়েভকে কঠিন পরিণতির হুঁশিয়ারি

লিবিয়া এবং বাল্টিক সাগরে রাশিয়ার জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার পর কিয়েভকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি প্রদান করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের এই ধরনের হামলার প্রতিক্রিয়ায় দেশটির সামরিক স্থাপনায় আরও ব্যাপক আক্রমণ চালানো হবে।

সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

পেসকভ আরও বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার সেনারা প্রতিদিন ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলোর ফলে কিয়েভ সরকারকে ‘খুবই কঠিন পরিণতি’ ভোগ করতে হচ্ছে।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব-নিকাশ বদলে দিতে পারে

বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার প্রসঙ্গে পেসকভ মন্তব্য করেন, এই ধরনের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। মস্কো আশা করছে, বাল্টিক অঞ্চলের দেশগুলো কিয়েভের ওপর প্রভাব খাটিয়ে ইউক্রেনের এই কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষম হবে।

এর আগে সোমবার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজে ইউক্রেনের বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে রুশ করভেট যুদ্ধজাহাজ মার্কারিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা হয়েছে।

এই ঘটনার পর লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জাতিসংঘে অভিযোগ করেছে। তাদের দাবি, এই হামলা লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতির অভিযোগের ভিত্তিতে সরকারটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

এদিকে, গত শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার কালিনিনগ্রাদগামী স্পার্টা-২ নামের একটি জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনী ধারণা করছে, ইউক্রেন এই হামলা চালিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত: ক্রেমলিন

সাম্প্রতিক হামলাগুলো রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ওপর ইউক্রেনের বাড়তে থাকা আক্রমণের অংশ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহনে এই জাহাজগুলো ব্যবহার করে মস্কো।

এদিকে, বাল্টিক সাগরনির্ভর রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে পণ্য সরবরাহ সচল রাখতে দুটি রেল ফেরি কেনার পরিকল্পনা করেছে মস্কো। সোমবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানান, এ জন্য ৪৭ বিলিয়ন রুবল বা প্রায় ৫৭ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করা হবে।

লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় লিথুয়ানিয়া রাশিয়া থেকে ওই অঞ্চলে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্য পরিবহনে বিধিনিষেধ আরোপ করে। ফলে সমুদ্রপথে পণ্য সরবরাহের ওপর কালিনিনগ্রাদের নির্ভরতা বেড়ে গেছে।

আরও পড়ুন: ‘হিন্দু-শিখ সৌহার্দ্যের’ বার্তা দিয়ে পাঞ্জাব নির্বাচনে ফের একসঙ্গে লড়বে বিজেপি-অকালি দল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান ব্যারিস্টার মিথুন রায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান ব্যারিস্টার মিথুন রায়ের

ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সম্পর্ক অটুট রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি সোমবার (২৩ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ধনুচিয়া গ্রামে অনুষ্ঠিত নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—এমন সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টাই হোক আগামীর অঙ্গীকার।’

মিথুন রায় আরও বলেন, ‘বাংলাদেশে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। নড়াইলে প্রচার হয়েছে, একটি গ্রামের অনেক হিন্দু পরিবারের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে যদি আপনাদের কোনো স্বজন থাকেন, খোঁজ নিয়ে দেখবেন, ওই গ্রামে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অনেকে নানা ধরনের সুযোগ নিতে পারে। এ জন্য আপনারা নিজেদের গ্রাম পাহারা দিয়ে রাখবেন, যাতে কেউ অগ্নিসন্ত্রাস করতে না পারে। বাংলাদেশের এই সংকট থাকবে না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২০টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লি., স্টারলিং ক্রিয়েশন লি., বান্দো ডিজাইন লি. এবং নিউএইজ গ্রুপে। মৌখিকভাবে বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লি. এবং আজমত গ্রুপ।

অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ১৩(১) ধারা মোতাবেক ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুসুকা নিট লি., ক্রিস্টাল কম্পোজিট লি., আউটলেট স্টিচ লি., সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লি., মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., জিম্যাক্স ক্লোথিং লি., টপ টেক্স সোয়েটার লি., ফুটস্টেপস বাংলাদেশ লি., এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মন্ডল নিটওয়্যার লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি., হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লি., হংকুন লেদার কম্পানি লি., ভার্চুয়াল বটমস লি., প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন), ইয়াগী বাংলাদেশ লি।

মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কিছু কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মৌখিকভাবে বন্ধ দুটি কারখানা রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জনতার ভালোবাসার আইকন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জনতার ভালোবাসার আইকন

ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন, যা একই সঙ্গে দুটি বিপরীতমুখী রাজনৈতিক ধারার সমীকরণের এক ঐতিহাসিক মোহনা হিসেবে চিহ্নিত। এটি কেবল একটি তারিখ নয়, বরং স্বাধীনতা রক্ষার কঠিন পরীক্ষার প্রতীকও।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’—এই চিরন্তন সত্যটি যেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর আবার নতুন করে প্রমাণিত হয়েছিল। এই দিনটি ছিল বাংলাদেশের নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের শৃঙ্খলমুক্তির নতুন অধ্যায়, যা এতদিন বাকশালের নাগপাশে বন্দি ছিল।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংকট

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত সুফল দেশের জনগণ ভোগ করতে পারেনি। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল এক চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে। মৌলিক অধিকার, যেমন—বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল।

সেই সময়ের সরকার এমন এক দুঃশাসন কায়েম করেছিল, যার ফলে দেশে সীমাহীন দুর্নীতি, দুর্ভিক্ষ, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড এবং শিক্ষাঙ্গনে অরাজকতা দেখা দেয়। কালোবাজারি, মুনাফাখোরি ও চোরাকারবারি সমাজকে পঙ্গু করে দিয়েছিল। মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো ছিল যেন এক বন্দিদশায়। দেশের এই চরম দুর্দশার সময়ই জন্ম নেয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তন এবং পরবর্তীতে ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান।

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও জিয়াউর রহমানের উত্থান

আওয়ামী লীগের চরম ব্যর্থতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের ওপর দাঁড়িয়ে ৭ নভেম্বর হয়ে উঠেছিল জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান। ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দি হন। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সামরিক বাহিনীর তরুণ সদস্য এবং সাধারণ জনগণ এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যায়। তারা কাঁধে কাঁধ রেখে দেশের প্রয়োজনে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে আসেন। এই বিপ্লব নিছক একটি সামরিক অভ্যুত্থান ছিল না, এটি ছিল সিপাহি-জনতার স্বতঃস্ফূর্ত জাগরণ। এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

বিএনপি সম্পর্কে বিশেষত জিয়াউর রহমানের প্রতি আওয়ামী লীগের যে তীব্র ক্ষোভ ও বিদ্বেষ দেখা যায়, তার অন্যতম প্রধান কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ঘটনা। যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন, তখন জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণা লাখ লাখ মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ঘটনা তাকে জনগণের কাছে এক অনন্য উচ্চতায় স্থাপন করে এবং স্বাধীনতার রাজনৈতিক ট্রফি জিয়াউর রহমানের হাতে চলে যায়।

৭ নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান হয়ে ওঠেন দেশের মুকুটহীন সম্রাট। তার অসীম সাহস, প্রগাঢ় দেশপ্রেম, দূরদৃষ্টি, ন্যায়নিষ্ঠা এবং সত্যনিষ্ঠা তাকে রাজনৈতিক ময়দানের এক অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত করে। তিনি শুধু সময়ের বরপুত্রই ছিলেন না, বরং তিনি সময়কে তাঁর কর্মের অধীন করে দেশের কালপ্রবাহকে এক যৌক্তিক ও সমৃদ্ধির পথে ধাবিত করেছিলেন।

রাষ্ট্রনায়ক জিয়া : পুনর্গঠন ও উন্নয়নের রূপকার

মুক্তিলাভের পর জিয়াউর রহমান দেশকে এক ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তুলে এনেছিলেন। তার হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। তিনি দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য যুগান্তকারী পদক্ষেপ নেন। ‘খাল কাটা’ কর্মসূচি, ‘গ্রাম সরকার’ ব্যবস্থা এবং নতুন শিল্পনীতি গ্রহণের মাধ্যমে তিনি কৃষি ও শিল্প খাতে নতুন জীবন সঞ্চার করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে একটি স্থিতিশীল ও প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করে। তিনি বৈদেশিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন।

জিয়াউর রহমান: জনতার ভালোবাসার আইকন

যখন আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা, জিয়াউর রহমানের নাম স্মরণ করেন, তখন তাদের চোখে সিপাহি-জনতার মহানায়কের ছবিই উঠে আসে, কিন্তু তাকে তারা ব্যর্থ প্রতীয়মান করতে চায়। কোটি মানুষের ভালোবাসার সফল সারথি জিয়াউর রহমান তাদের কাছে অসহনীয় হয়ে ওঠেন। তাদের বক্তব্য হয়ে যায় অরাজনৈতিক, অসংলগ্ন, পরশ্রীকাতর এবং হিংসাত্মক। এটি তাদের রাজনৈতিক অসহিষ্ণুতা এবং পরাজয় মেনে নিতে না পারার মনোভাবেরই বহিঃপ্রকাশ।

ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমি স্বাধীনতার মহান ঘোষক, লোকান্তরিত মহানায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে স্যালুট ও অভিনন্দন জানাই। তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশিদের একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন।

পরবর্তী সময়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন করেন এবং স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের অভিযাত্রার সূচনা করেন। তাঁর আদর্শ ও কর্ম আমাদের সকলের মাঝে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। পৃথিবীর ইতিহাসে বিশ্বের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, স্বাধিকার রক্ষার আন্দোলনকারী এবং প্রকৃত দেশপ্রেমের পূজারীদের কাছে আমার নেতা জিয়াউর রহমান চিরকাল এক আইকন হয়ে থাকবেন।

লেখক : প্রকাশক, দৈনিক সবুজ বাংলাদেশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমএলএসের খেলার ধরন গা-ছাড়া মনে করেন থমাস মুলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


এমএলএসের খেলার ধরন গা-ছাড়া মনে করেন থমাস মুলার

ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার মেজর লিগ সকারে (এমএলএস) খেলার ধরনকে কিছুটা গা-ছাড়া হিসেবে বিবেচনা করেন। তার মতে, এই লিগে প্রমোশন ও রেলিগেশন পদ্ধতির অভাবের কারণে খেলোয়াড়দের মধ্যে এমন মনোভাব তৈরি হয়।

এমএলএসের সঙ্গে প্রিমিয়ার লিগ বা ইউরোপের অন্যান্য লিগের তুলনা করতে বললে মুলার এই মন্তব্য করেন। জার্মানির সাবেক ফুটবলার, যিনি বায়ার্ন মিউনিখে ১৭ বছরের ক্যারিয়ার শেষ করে ২০২৫ সালের আগস্টে এমএলএসের ভ্যাঙ্কুভার দলে যোগ দেন, সম্প্রতি আগামী বছর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।

কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে তিনি বলেন, “ব্যবস্থাগত পার্থক্যের কারণে তুলনা করাটা কঠিন। এখানে কোনো রেলিগেশন নেই। বড় কোনো চাপও নেই।”

মুলার বলেন, চাপের অভাবের কারণে খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার তাগিদ কম থাকে। তিনি উল্লেখ করেন, “ইউরোপে যখন কোনো দল রেলিগেশনের ঝুঁকিতে থাকে, তখন পরের বছরের জন্য খেলোয়াড়দের চুক্তি পাওয়ার নিশ্চয়তা থাকে না। ফলে খেলার ধরন বদলে যায়। ইউরোপে লিগের তলানির কোনো দলের বিপক্ষে খেলতে গেলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। কিন্তু এমএলএসের ব্যবস্থার কারণে আমার মাঝে মাঝে মনে হয়, এখানকার খেলার ধরন কিছুটা বেশি আশাবাদী, অথবা গা-ছাড়া।”

তিনি আরও যোগ করেন, “ফরাসিরা যেটাকে বলে ‘লেসে ফেয়ার’ অর্থাৎ অনেকটা স্বাধীনভাবে চলতে দেওয়া বা ঢিলেঢালা মনোভাব, এখানে ব্যাপারটা কিছুটা তেমন। এর একটা ভালো দিক হলো, ম্যাচ যখন উন্মুক্ত হয়ে যায়, তখন বেশ কিছু দারুণ আক্রমণাত্মক খেলা দেখা যায়। তুলনা করতে গেলে আমি খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার অসাধারণ কিছু ঝলক দেখতে পাই।”

মুলার বলেন, “তবে মাঝে মাঝে যে বিষয়টি আমার চোখে পড়ে, তা হলো ধারাবাহিকতার অভাব। ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধানটা অনেক বেশি। বিষয়টিকে গলফের সঙ্গে তুলনা করা যায়। ধরুন, ১০ হ্যান্ডিক্যাপের একজন গলফারও কখনও কখনও এমন শট খেলতে পারেন, যা একজন পেশাদার গলফারও এর চেয়ে ভালো করতে পারবেন না। যেমন ফ্রি-কিক থেকে একেবারে ওপরের কর্নারে বল পাঠানো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%