সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২২ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি এবং বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তবে, জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এই প্রচেষ্টা সফল হবে না। বর্তমান সরকার পরিস্থিতি শান্ত ও স্থিরভাবে সামাল দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, তারা এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, সেই একই কায়দায় ষড়যন্ত্র এখনও চলছে বলে তিনি অভিযোগ করেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামে এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জে কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে। গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনও পুরোপুরি মুছে যায়নি।
তিনি বলেন, বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতার করে প্রচলিত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি উল্লেখ করেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।
প্রকাশিত গ্রন্থটির বিষয়ে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবকাল থেকে শুরু করে শাহাদাত বরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তার সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার নানা দিক এই বইয়ে তুলে ধরা হয়েছে। অধ্যাপক হীরা সোবাহান, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী, পুরোনো পত্রিকার কাটিং, তথ্য ও পরিসংখ্যান যুক্ত করে যে গবেষণাধর্মী কাজ করেছেন, তা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া, বিগত সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঢাকায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় অধ্যাপক হীরা সোবাহানের সাহসের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র্যাংকিংয়ে উন্নতি সাধনের পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ এবং যোগ্য মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আহ্বান জানান।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধিদল জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, অ্যাকাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলেও জানানো হয়।
পূর্বাচলে নতুন ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদল। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিত এই ক্যাম্পাসের অগ্রগতি এবং নতুন ক্যাম্পাসের মাধ্যমে অ্যাকাডেমিক ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন তাঁরা। এ সময় প্রতিনিধিদল উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, "দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।" তিনি আরও বলেন, "যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।"
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য বা চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদল। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরা ও মতলব মেঘনা নদীতে নৌ পুলিশের জেলেদের ও মাছ ব্যবসায়ীদের টোকেনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
মতলব উত্তুরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
নদীতে মাছ ধরার সুযোগ দেওয়ার জন্য টোকেন দেখাতে বলা হয়, অন্যথায় ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে নদীতে মাছ ধরা জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে কিছু জেলেকে টোকেন দেওয়া হয়। রাতের বেলা নদীতে মাছ ধরার সময় টোকেন দেখাতে পারলে টাকা দিতে হয় না, কিন্তু টোকেন দেখাতে না পারলে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তরের মোহনপুর বাজার ও কালিপুর নদীর ঘাটসংলগ্ন গজারিয়ার কালিপুর অংশে এলাকার মানুষের একটি বড় অংশের জীবিকা নদীকেন্দ্রিক।
মাছ ধরা, মাছের ব্যবসা এবং নদীপথে যাতায়াতের ওপর নির্ভর করেই তাঁদের জীবনযাপন চলে। অভিযোগ রয়েছে, রাতের আধারে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে কথিত মাসোয়ারা আদায় করা হচ্ছে।
এতে সাধারণ জেলে ও ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন।
ভুক্তভোগী জেলে সাহেব আলী অভিযোগ করেছেন যে, তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। মাছ ব্যবসায়ী সোহেল জানিয়েছেন, তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
অন্যদিকে আলমগির বেপারী অভিযোগ করেছেন যে, তাঁর কাছ থেকে ১১ হাজার টাকা নেওয়ার পাশাপাশি ৫ কেজি চিংড়ি মাছ নেওয়া হয়েছে।
স্থানীয় প্রবাসী মহিউদ্দিন জানিয়েছেন, কিছুদিন আগে তিনি বাড়িতে এসে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে এসব অভিযোগ জানতে পারেন।
তাঁর দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
অভিযোগের সঙ্গে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যের নামও উল্লেখ করেছেন স্থানীয়রা।
তাদের মধ্যে রয়েছেন রুহুল আমিন (বিপি নং-৭৫৯৫০৫৬১৫৭), আব্দুল মোতালেব (বিপি নং-৮৮০৭১১৩৬৫২), ফখরুল আনিস এবং মানিক মৃধা (বিপি নং-৭০৮৯০৩৩৩৮৮)।
স্থানীয় জেলে ও এলাকাবাসীর দাবি,
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা উচিত। একইসাথে, যদি কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা সাধারণ জেলেরা যেন হয়রানি ও অনৈতিক অর্থ আদায়ের শিকার না হন, সেই জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মানিক মিয়া বলেছেন যে, পুলিশ সদস্যরা চাঁদাবাজির সাথে জড়িত নয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মেশিনারিজের সামনে এই ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস খবর পেয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে ট্রাকটির সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
রাত দুইটার পরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রমকে নস্যাৎ করার জন্য কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। তারা দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে। তবে, তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। দেশে অগ্নিসংযোগ বা সহিংসতার পরিস্থিতি নেই; একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলাসহ দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সালাহ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ