প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার (৫৫) এবং রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ (২১) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুই নেতার পরিবার অভিযোগ করেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোলাম সারোয়ারকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মৃত হাবিব গোমস্তার ছেলে। অন্যদিকে, একই রাতে আবু সাঈদকে ইন্দুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোলাম সারোয়ারের বিরুদ্ধে ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত ২০ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, গোলাম সারোয়ার নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তিনি দলের নেতাকর্মীদের অর্থের জোগানদাতা হিসেবে পরিচিত। তাঁদের দাবি, স্থানীয়দের হয়রানির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে গোলাম সারোয়ারের স্বজনরা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
অন্যদিকে, ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে ইন্দুরহাট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশের দাবি, ওই মিছিলে আবু সাঈদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং মিছিল থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে আবু সাঈদ সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছিলেন। এ কারণে তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন