ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নরসিংদীর হাসপাতালে ২ নারীসহ ১২ জন দালাল আটক


নরসিংদীর হাসপাতালে ২ নারীসহ ১২ জন দালাল আটক

নরসিংদীর ২টি সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ২ জন নারীসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটকদের মধ্যে ৮ জনকে সাজা দেয় এবং ৪ জনকে অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের দলে ২ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী সদর ও ১০০ শয্যা জেলা হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং র‍্যাব-১১, সিপিসি-নরসিংদী এর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় তারা জানান, বহুদিন ধরে এই চক্রটি নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং নরসিংদী জেলা সদর হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা এবং দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসপাতালকেন্দ্রিক যৌথ অভিযানের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনেন। আটককৃতেরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে হাওদা বিলে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


টাঙ্গাইলে হাওদা বিলে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল, ১৯ জুলাই, ২০২৬ : জেলার মধুপুরে পানিতে ডুবে যাওয়ার ১৪ ঘণ্টা পর এক গারো যুবক, অন্তর ম্রং (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালবেলায় উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকালের সময় অন্তর ম্রং ও তার দুই বন্ধু, আন্তনী রেমা এবং অগ্নি ম্রং মিলে হাওদা বিলে গোসল করতে যায়। সেখানে তারা হাওদা বিলের ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে।

এ সময় দুই যুবক সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্তর পানিতে ডুবে যায়। প্রথমে ওই দুই যুবক এবং গ্রামবাসী মিলে তার খোঁজাখুঁজি করে, কিন্তু তারা তার সন্ধান পায়নি। আজ সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, রোববার সকালে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা যুবকের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালিতে জিহাদি হামলায় নিহত ৫০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


মালিতে জিহাদি হামলায় নিহত ৫০ সেনা

মালির উত্তরাঞ্চলের কৌশলগত শহর আনেফিস ত্যাগ করার সময়, তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী ও জিহাদিদের হামলায় অন্তত ৫০ সেনাসদস্য নিহত হয়েছেন।

রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আনেফিস থেকে সেনাবাহিনীর বহরটি শনিবার রওনা হওয়ার সময় এ হামলা চালানো হয়।

এর পূর্বে, কয়েক সপ্তাহ ধরে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছিল।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে বামাকো থেকে।

জুলাইয়ের শুরুতে, তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী সংগঠন এফএলএ ও আল-কায়েদা-সংশ্লিষ্ট গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস (জেএনআইএম)-এর যোদ্ধারা অল্প সময়ের জন্য শহরটির নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে, তারা মালি সেনাবাহিনী ও রাশিয়ার আফ্রিকা কোরের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি ঘিরে ফেলে।

জেএনআইএম ও এফএলএ হামলার দায় স্বীকার করেছে।

এক স্থানীয় জনপ্রতিনিধি, যিনি নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, ‘এ হামলায় প্রাথমিকভাবে অত্যন্ত ভারী ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় অর্ধশতাধিক সেনা নিহত ও অন্তত ২৪ জন বন্দি হয়েছেন।’

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মালির সেনাবাহিনীর ওপর এটি সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলা।

মালির সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ‘আমাদের কয়েকজন সদস্যকে সরাসরি হত্যা করা হয়েছে। আমাদের কৌশলগত কোনো ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।’

তিনি বলেন, ‘আমরা খতিয়ে দেখছি, কী কারণে আমাদের সদস্যরা এতটা অরক্ষিত হয়ে পড়েছিলেন।’

একাধিক সূত্র এএফপিকে জানায়, সেনাবাহিনীকে সহায়তাকারী রুশ আধাসামরিক বাহিনীর সদস্যরা হামলার আগেই তাদের গন্তব্য গাও শহরে পৌঁছে গিয়েছিলেন। ফলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গাও অঞ্চলের এক কমিউনিটি নেতা বলেন, ‘কোনো রুশ সদস্য মারা যাননি। নিহতরা সবাই সেনাবাহিনী ও রাষ্ট্র-সমর্থিত মিলিশিয়া বাহিনীর সদস্য।’

শনিবার মালি সেনাবাহিনী স্বীকার করে যে, তাদের বহরটি ‘সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীর পাতা অতর্কিত হামলার’ শিকার হয়েছে। তবে তারা হতাহতের কোনো সংখ্যা জানায়নি।

২০২০ ও ২০২১ সালে টানা দুই সামরিক অভ্যুত্থানের পর থেকে মালিতে সামরিক সরকার ক্ষমতায় রয়েছে।

বছরের পর বছর ধরে চলা জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী অস্থিরতার পর নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও, তা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে দেশটির সামরিক জান্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


যুক্তরাষ্ট্র ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে

 ইরানের পরমাণু শক্তি সংস্থা রোববার দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।

এই ঘটনার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেলো।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যে, মার্কিন বাহিনী রোববার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবককে কুপিয়ে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


যুবককে কুপিয়ে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

 রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকালে বাধা দেওয়ার কারণে ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় আদালত দু’জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মো. সোহেল রানা ওরফে কালু এবং মো. নাজিম উদ্দিন, যিনি নাজিম এবং নজু নামেও পরিচিত।

আজ ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন। রায়ের পাশাপাশি মৃত্যুদণ্ডের সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণায় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. খলিলুর রহমান (খলিল) বিষয়টি বাসস-কে জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ২২ জুন ভোর ৪টা ১৫ মিনিটের দিকে মামলার বাদী আকবর আলীর ছেলে শফিক বগুড়া থেকে এসআর পরিবহনে ঢাকা কল্যাণপুর বাসস্ট্যান্ডে আসেন এবং তার বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এশিয়া সিনেমা হলের সামনে পৌঁছালে তিনজন আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করে ধারালো অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শফিককে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম শফিক মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. আকবর আলী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

২০০৬ সালের ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রেজাউল করিম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীকালে একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। মামলার বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%