মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিদের দৃঢ় সমর্থন থাকা সত্ত্বেও এনভিডিয়া, চিপ নির্মাতা প্রতিষ্ঠান, সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহীর (সিইও) পদে ফিরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর পদত্যাগ করা হুয়াংকে পুনর্বহাল করার বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের কোনো আগ্রহ নেই বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন যে, হুয়াংকে তার পদে ফিরিয়ে আনা হলে তিনি "নিশ্চিতভাবেই কিছু মনে করবেন না"। এর মাধ্যমে তিনি প্রযুক্তি নেতাদের মধ্যে শুরু হওয়া "ব্রিং জেনসেন ব্যাক" (জেনসেনকে ফিরিয়ে আনো) প্রচারণায় সমর্থন জানান, যার মধ্যে ইলন মাস্ক এবং এপিক গেমসের সিইও টিম সুইনির নাম উল্লেখযোগ্য। তবে বিবিসিকে জানানো হয়েছে, এনভিডিয়ার বোর্ড হুয়াংকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনাই করছে না।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) হুয়াং পদত্যাগ করেন। প্রথমে এক নারীর সঙ্গে সম্পর্কের খবর সামনে আসলে তিনি পরিস্থিতি সামাল দেবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে তার অধীনস্থ এনভিডিয়ারই এক শীর্ষ নির্বাহীর সঙ্গে দ্বিতীয় সম্পর্কের তথ্য ফাঁস হলে তিনি সরে দাঁড়ান। এদিকে প্রথম নারী, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর সাবেক পরিচালক অ্যালিস হুয়াং, একজন সন্দেহভাজন চীনা গুপ্তচর বলে অভিযোগ উঠেছে। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার জন্য আবেদন করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং এভাবে চলতে থাকলে তিনি হয়তো মারা যাবেন।
ইমরান খান প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে বলেন, ‘৭৪ বছর বয়সে রাষ্ট্রের এই নিরবচ্ছিন্ন নির্যাতন আমাকে এমন এক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’
সোমবার (১৬ নভেম্বর) তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাক্ষাতের সময় ইমরান খান তাকে এই বার্তা বিচারপতিদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন। চিঠিটি পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা হয়েছে।
নিজের এবং স্ত্রীর চিকিৎসার সুযোগ চেয়ে ইমরান খান বলেন, যারা চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তাদের বিনা মূল্যে চিকিৎসা দিতে তিনি জীবনের বড় একটি সময় হাসপাতাল প্রতিষ্ঠায় ব্যয় করেছেন। অথচ আজ তাকে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য আবেদন জানাতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমি একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। ক্রিকেট মাঠ, সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আমি পাকিস্তানের সেবা করেছি।’
১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক দাবি করেন, ৭০ বছর বয়স পার হওয়ার পর থেকে তাকে নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, আদালতে শতাধিকবার হাজির হতে হয়েছে এবং তাকে হত্যাচেষ্টারও শিকার হতে হয়েছে। তবে প্রতিটি মামলায় তিনি আইনি পথে লড়াই চালিয়ে গেছেন বলে দাবি করেন।
২২ ঘণ্টা নির্জন কারাবাসের অভিযোগ
চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, তোশাখানা-২ মামলার রায়ের পর থেকে তার সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ওই মামলায় সৌদি আরব সফরের সময় উপহার পাওয়া একটি বুলগারি গয়নার সেট কেনার ঘটনায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ইমরানের দাবি, তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। বই ও টেলিভিশন থেকেও তাকে বঞ্চিত রাখা হয়েছে।
তিনি জানান, সুপ্রিম কোর্টের নিয়োগ করা আইনজীবী সালমান সাফদার গত ১০ ফেব্রুয়ারি তার সঙ্গে দেখা করার পর জানতে পারেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ বিষয়টি তার পরিবার ও আইনজীবীদের জানানো হয়নি বলে অভিযোগ করেন ইমরান।
দীর্ঘদিন একাকী বন্দি থাকার কারণে তার মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কারাগারের মেডিকেল বোর্ডও তার উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করে পরিবারের সঙ্গে আরও বেশি যোগাযোগের পরামর্শ দিয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম জিপিএ শর্ত শিথিল করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে এবং পরীক্ষার্থীরা ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীন ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন বরাদ্দ রয়েছে।
মোট আসনের এই বিন্যাসের মধ্যে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধীন ‘এ’ ইউনিটে ৪২৪টি আসন রয়েছে। কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধীন ‘সি’ ইউনিটে ৪০২টি, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের অধীন ‘বি’ ইউনিটে ৩৯৬টি এবং জীববিজ্ঞান অনুষদের অধীন ‘ডি’ ইউনিটে ৩১৬টি আসন রাখা হয়েছে।
এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘ই’ ইউনিটে ১৭৬টি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) ৭০টি এবং নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীন ‘সি১’ ইউনিটে ৬৪টি আসন রয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ইউনিটভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক এবং মোট জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। অন্যদিকে ‘ডি’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ প্রয়োজন। ‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে।
‘সি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ নির্ধারণ করা হয়েছে। ‘সি১’ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ প্রয়োজন। ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ চাওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা, ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং ‘সি১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার জন্য সময় থাকবে ৫৫ মিনিট।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.juniv.edu থেকে জানা যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাকরিজীবীদের জন্য ‘প্রভিডেন্ট ফান্ড’ বা ভবিষ্য তহবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয়। তবে, আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকতে চাওয়া অনেকের মনে একটি সাধারণ প্রশ্ন জাগে— প্রভিডেন্ট ফান্ড থেকে অতিরিক্ত দিলে কি সুদ হবে?
সম্প্রতি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
তিনি উল্লেখ করেন, প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যে অংশ কেটে রাখা হয় এবং তার ওপর যে মুনাফা বা অতিরিক্ত অর্থ পাওয়া যায়, তা হালাল। কিন্তু, যদি কেউ স্বেচ্ছায় বা অতিরিক্ত কোনো অংশ জমা দেন, তাহলে সেই অতিরিক্ত অর্থের ওপর প্রাপ্ত মুনাফা বা সুদ সুদ হিসেবে গণ্য হবে এবং তা গ্রহণ করা জায়েজ নয়।
মূল বিষয়সমূহ-
বাধ্যতামূলক অংশ
সরকারি বা প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে বেতনের যে অংশ কেটে রাখা হয়, তার ওপর প্রাপ্ত মুনাফা হালাল।
স্বেচ্ছাকৃত বা অতিরিক্ত অংশ
যদি কেউ নিজের ইচ্ছায় অতিরিক্ত টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখেন, তাহলে সেই অতিরিক্ত অংশের ওপর প্রাপ্ত মুনাফা বা সুদ হালাল নয় এবং তা বর্জন করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ২৯২ রেকর্ড করা হয়। এই পরিস্থিতিতে নগরীর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বায়ুমান সূচক অনুযায়ী, এই ধরনের দূষিত বাতাসে স্বল্প সময় অবস্থান করলেও শারীরিকভাবে সুস্থ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। বিশেষ করে, দীর্ঘ সময় ধরে দূষিত বাতাসে অবস্থান করলে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
ঢাকার পরবর্তী অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ২৪৬। তৃতীয় স্থানে ভারতের কলকাতা রয়েছে, যার স্কোর ২৩২। অন্যদিকে, পাকিস্তানের করাচির স্কোর ১৩৪।
একিউআই স্কোর কত হলে বাতাসের মান কেমন
বায়ুমান সূচক বা একিউআই ব্যবহার করে প্রতিদিনের বায়ুদূষণের মাত্রা এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা হয়।
সূচক অনুযায়ী:
- ০১ থেকে ৫০: ভালো।
- ৫১ থেকে ১০০: মাঝারি।
- ১০১ থেকে ১৫০: সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।
- ১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর।
- ২০১ থেকে ৩০০: খুবই অস্বাস্থ্যকর।
- ৩০১-এর বেশি: বিপজ্জনক।
অর্থাৎ, ঢাকার বর্তমান ২৯২ স্কোর নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত করছে।
যেসব দূষণে পরিমাপ করা হয় বায়ুর মান
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণের জন্য প্রধানত পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন।
এসব দূষণকারী উপাদানের মাত্রার ওপর ভিত্তি করে বায়ুর মান এবং জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব নির্ধারণ করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এসব মৃত্যুর প্রধান কারণের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ