বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৮ পি.এম
নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে থানা পুলিশ নগদ দেড় লাখ টাকা সহ দুই পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার তাস, মোবাইল ফোন এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলায় বারান্দায় অবস্থানরত জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাষ্টারের ছেলে নাজিম উদ্দিন (৪২) এবং একই ইউনিয়নের নয়া রাতাল কয়াখাস গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নূর মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিংড়া থানা পুলিশের একটি টহল দল চলনবিল গেটে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলায় বারান্দায় কিছু ব্যক্তি অবৈধভাবে জুয়ার আসর বসিয়ে টাকা দিয়ে জুয়া খেলছে। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনার পর সিংড়া থানার জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলায় ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ করে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং কিছু স্থানে শিলাবৃষ্টির ঘটনা ঘটে, যা আমন ধানের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে যাওয়ার ফলে কাটা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকেরা ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, বুধবার রাতের বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়েছে। বিশেষ করে যেসব জমির ধান এখনো সবুজ রয়েছে, সেসব জমির ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, আগাম পেকে যাওয়ায় যেসব জমিতে ধান কেটে রাখা হয়েছিল, সেগুলো বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জমিতে পানি জমে গেছে। এই উপজেলায় হাবু ধানের আবাদে ক্ষতির পরিমাণ বেশি বলে কৃষকেরা জানিয়েছেন। আগাম পেকে যাওয়ায় অধিকাংশ ধান আগেই কেটে রাখা হয়েছিল। বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় শুকানোর ব্যাপারে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। উপজেলার কয়েকটি বিলের মধ্যে বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠের ধানের বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ল²ীপুর গ্রামের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। এতে ফলন কম হবে। পাশাপাশি ধান সংগ্রহ করতে শ্রমিক খরচও বেশি লাগবে।”
পাইকপাড়া গ্রামের পল্লিচিকিৎসক আক্তারুজ্জামান বলেছেন, “জালেশ্বর মাঠের অধিকাংশ জমির হাবু ধান কেটে জমিতে বিছিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে মাঠের ধান মাটির সাথে জড়িয়ে পড়েছে। এতে ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উৎপাদন খরচও বেড়ে যাবে।” উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। বিভিন্ন জাতের মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এ ছাড়া ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও চাষ করেছেন কৃষকেরা। সব মিলিয়ে উপজেলায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা নাকচ করেছেন। তিনি বলেন, “বৃষ্টির কারণে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। এতে ফলন কম হওয়ার আশঙ্কাও নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনে দুই দেশের শীর্ষ নেতারা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, যোগাযোগ পরিচালক বোরহানাত্তিন দুরান এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্থালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে শহরগুলোর টেকসই উন্নয়ন এবং ভবন ও যাতায়াত ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং মিথেন গ্যাস নিয়ন্ত্রণের বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পায়।
এবারের কপ৩১ সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক, এবং আনুষ্ঠানিক দরকষাকষি ও আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। নেতাদের শীর্ষ বৈঠক শেষে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন এবং পরিবেশ রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শীতের পুরোপুরি আগমনের পূর্বে রাশিয়ার মারাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। এই অবস্থায় লাখ লাখ সাধারণ মানুষ তীব্র শীতের মধ্যে আলো, পানি এবং ঘর গরম রাখার ব্যবস্থা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাধারণ মানুষের কঠিন জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেছে।
কিয়েভের একটি সাততলা ভবনের ফ্ল্যাটে দুই সন্তান কিরিল ও ওলেনাকে নিয়ে বসবাস করেন সিঙ্গেল মাদার দারিনা কুলচিটস্কা। প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে তার ঘরে শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার লড়াই। কারণ, যেকোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে লিফট বন্ধ হয়ে যাবে, পানির পাম্প থেমে যাবে এবং ওয়াই-ফাই বিচ্ছিন্ন হয়ে যাবে। দারিনা জানান, গত কয়েক দিনে তারা দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন। দুই ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী আট ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে।
ঘরের ভেতর এবং বাইরে তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় ভারী কোট ও কয়েক স্তরের গরম কাপড় পরে থাকতে হচ্ছে তাদের। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ চলে গেলে টর্চ এবং এলইডি মোমবাতির আলোয় ‘উনো’ কার্ড খেলে সময় কাটায় দুই শিশু। দারিনার ১২ বছর বয়সী ছেলে কিরিল আক্ষেপ করে বলেন, “আলো নেই, পানি নেই, উষ্ণতা নেই, বিদ্যুৎ নেই—কোনো আনন্দও নেই। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সব আনন্দ যেন শুষে নেওয়া হয়েছে।”
কিয়েভের মেট্রো রেল এবং ট্রলিবাসের চলাচলও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বারবার স্থবির হয়ে পড়ছে। পুরো শহর যেন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকারে ডুবে যায়। ইউক্রেনীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, দিনে অন্তত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে লাখ লাখ মানুষের জীবনধারণ অসম্ভব হয়ে পড়বে।
এদিকে, মার্কিন দূতরা শান্তি আলোচনার জন্য মস্কো ও কিয়েভ সফর করলেও জ্বালানি অবকাঠামোয় হামলা থামেনি। সম্প্রতি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রটির কন্ট্রোল রুমে কর্মরত ভলোদিমির কোভালেঙ্কো জানান, ভোররাতের হামলাটি ছিল নজিরবিহীন। ধ্বংসস্তূপ সরিয়ে মেরামত কাজ চালানোও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতি ১৫ থেকে ৩০ মিনিট পরপর বিমান হামলার সাইরেন বাজছে, আর কর্মীদের কাজ ফেলে বাঙ্কার বা মোটা দেয়ালের আড়ালে আশ্রয় নিতে হচ্ছে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে-র প্রধান নির্বাহী ম্যাক্সিম টিমচেঙ্কো জানান, রাশিয়া এবার হামলার মাত্রা ও ধরন দ্বিগুণ করেছে। এমনকি বৈদ্যুতিক খুঁটি ও তারে আগে থেকে ওত পেতে থাকা বিশেষ ‘ওয়েটার ড্রোন’ (Waiter Drones) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো আগামী গ্রীষ্মের আগে পুরোপুরি সচল করা সম্ভব হবে না।
তীব্র শীত ও অন্ধকার থেকে বাঁচতে অনেকেই রাজধানী বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তবে প্রিয়জনদের ছেড়ে যেতে মন চাইছে না দারিনার। মানসিক চাপ ও সন্তানদের দুঃস্বপ্নের কথা জানিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি আলো ছাড়া বাঁচতে চাই না। কিন্তু ইউক্রেনের মানুষ বলছে—আলো ছাড়া থাকব, তবু রুশদের ছাড়া থাকব। আমরা প্রচণ্ড ভয়ে আছি, তবু বিদ্যুৎহীন থাকা ভালো, কিন্তু রুশ আধিপত্য নয়।” সূত্র: বিবিসি নিউজ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাদারীপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার ছিলেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রীদের ভোগান্তি কমানো এবং তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা অনুষ্ঠানে বলেন, প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীরা, দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যাতায়াতের ব্যবস্থা সহজ হলে ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, সাইকেল পাওয়ার ফলে বিদ্যালয়ে যাতায়াতের সময় এবং ভোগান্তি কমবে। পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ