প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর বাউফলে মনোয়ারা বেগম নামের এক নারী থানায় তিন ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মনোয়ারা বেগম উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক আকনের স্ত্রী। তার পরিবারে ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২ বছর আগে মনোয়ারা বেগমের স্বামী একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর অসুস্থতার সময় চিকিৎসার খরচ বহন করতে তিনি ধারকর্জ নেন। এর ফলে, স্বামীর মৃত্যুর সময় তার ওপর ৬ লাখ টাকার ঋণ হয়ে যায়। পরে মনোয়ারা বেগম জমি বিক্রি করে ওই ঋণ পরিশোধের চেষ্টা করেন, কিন্তু তার তিন ছেলে রুহুল আমিন, তানভীর ও মেহেদী জমি বিক্রিতে বাধা প্রদান করেন। এই বিষয়টি নিয়ে ভাই-বোন ও মায়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বড় ছেলে মাইনুল হাসান ও চার মেয়ে মায়ের পক্ষে থাকায় তিন ভাই তাদের প্রাণনাশের হুমকি দেয়।
মনোয়ারা বেগম অভিযোগ করেন, "আমার স্বামীর ঋণ পরিশোধ করা এবং ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে দিচ্ছে না ৩ ছেলে। তারা সব সম্পত্তি নিজেরা জবরদখল করতে চায়। আমি সম্পত্তি বণ্টন করার কথা বলায় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। বর্তমানে আমি, আমার বড় ছেলে ও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিন ছেলের অত্যাচার ও হুমকির কারণে আমি বাড়ি ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"
অন্যদিকে, অভিযুক্ত রুহুল আমিন, তানভীর ও মেহেদী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের ফাঁসানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন মা, বড় ভাই ও বোনেরা।"
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন