ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের দাবি, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা; অস্বীকার যুক্তরাষ্ট্রের


ইরানের দাবি, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা; অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একই দিনে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। ড্রোন ভূপাতিতের বিষয়ে ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

শনিবার (২১ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর একটি বিবৃতিতে জানায় যে, শুক্রবার রাতে দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় থাকা সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে। বিমানটিকে দেশটিতে তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনুসরণ করা হয় এবং লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইরানের বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হওয়ায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। এতে পাইলটকে অভিযান বাতিল করে ওই অঞ্চলের একটি নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়। তবে, তেহরান বিমানবন্দরটির নাম বা অবস্থান জানায়নি।

আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের সামরিক গণমাধ্যম। ভিডিওতে একটি ক্ষেপণাস্ত্রকে উড়োজাহাজের দিকে এগিয়ে যেতে দেখা যায় এবং পরে সেটির কাছাকাছি বিস্ফোরণ বা আলোর ঝলকানি দেখা যায়। তবে, ভিডিওটির সত্যতা এবং এতে দেখানো ঘটনার সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমানের সংশ্লিষ্টতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার ইরানের দাবি প্রত্যাখ্যান করে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় যে, ইরান আগের দিন কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে।

সেন্টকমের বিবৃতিতে হামলার দাবিটি আইআরজিসির নামে উল্লেখ করা হলেও, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে যে, অভিযানটি পরিচালনা করেছে দেশটির নিয়মিত সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী। অর্থাৎ, হামলার দাবি নিয়ে দুই পক্ষের বক্তব্যে বাহিনীর পরিচয়েও পার্থক্য রয়েছে।

আইআরজিসি তাদের একটি পৃথক বিবৃতিতে জানায় যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করে সেটিতে আঘাত হেনেছে। তারা দাবি করেছে যে, এতে ড্রোনটি ধ্বংস হয়েছে। আইআরজিসির দাবি, যুদ্ধ শুরুর পর থেকে তাদের ভূপাতিত করা মার্কিন এমকিউ-৯ ড্রোনের সংখ্যা ৫৮টিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, যাত্রীরা ভোগান্তিতে

একই দিনে, হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, এ নিয়ে তারা ১৯টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ চলাকালে এর আগেও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। তবে, সেসব দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে তা পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি, বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: স্পেনের নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে সানচেজ, তবুও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজেনকোট: ইসরাইলি বসতি স্থাপনকারীদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আইজেনকোট: ইসরাইলি বসতি স্থাপনকারীদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন

ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত করেছেন ইসরাইলের বিরোধী রাজনৈতিক নেতা গাদি আইজেনকোট। তিনি সরকারের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রাতের বেলায় পশ্চিম তীরের দেইর আল-সুদান গ্রামে একাধিক গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় বসতি স্থাপনকারীরা। পাশাপাশি, দেইর আবু মাশাল ও কাফর মালিক গ্রামেও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ইয়াশার চেয়ারম্যান আইজেনকোট উল্লেখ করেন, চরমপন্থী গোষ্ঠীগুলোর দ্বারা গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। এটি মানুষের জীবনকে বিপন্ন করছে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের উপর গুরুতর ক্ষতি করছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি অনিবার্য নয় বরং এটি সরকারের ভুল নেতৃত্বের ফল। তিনি ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকে এর জন্য দায়ী করেন।

আইজেনকোটের অভিযোগ, তাদের কর্মকাণ্ড পশ্চিম তীরকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

সহিংসতা বন্ধের জন্য তিনি অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক আটক এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান আইজেনকোট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনের ভাষায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের দাম্পত্য জীবন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


মনের ভাষায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের দাম্পত্য জীবন শুরু

অতিথিদের উপস্থিতি এবং বিয়ের আয়োজনের মধ্যে বাড়ির চারপাশে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তবে বর-কনের মধ্যে মুখের কোনো কথা নেই, শব্দের আদান-প্রদানও নেই। তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ইশারা এবং চোখের ভাষার মাধ্যমে। কারণ বর ও কনে দুজনেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

মুখে কথা না থাকলেও এবং কানে শোনার সামর্থ্য না থাকার পরও, তাদের মনের মিলনে দুই প্রাণ এক হয়ে গেছে। শারীরিক এই সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তারা একে অপরের জীবনসঙ্গী হতে পেরে অত্যন্ত আনন্দিত।

এই বিয়ে শুধুমাত্র দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং এটি ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া এবং মনের ভাষায় গড়ে ওঠা এক অনন্য সম্পর্কের কাহিনী। যেখানে শব্দের প্রয়োজন নেই, মুখের কথারও প্রয়োজন নেই। ইশারা এবং অনুভূতির মাধ্যমে শুরু হয়েছে তাদের নতুন জীবনের পথচলা।

বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের পুত্র। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারে রেডিও কলোনি এলাকার নূর হোসেনের কন্যা। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে।

জানা গেছে, পারিবারিকভাবে দুই পরিবারের সম্মতিতে গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর ও কনে দুজনেই জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তবে এই শারীরিক সীমাবদ্ধতা তাদের স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা এবং ভালোবাসায় তারা বেড়ে উঠেছেন।

বরের বাবা গোলাম আজম বলেন, "ফেসবুকের মাধ্যমে মেয়ের সঙ্গে আমার ছেলের পরিচয় হয়। পরে ঢাকায় থাকা আমার এক বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।"

তিনি আরও বলেন, "আমার ছেলের বয়স যখন ছয় মাস, তখন থেকেই তার কানে সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। সে বাক প্রতিবন্ধী। তবে আমার ছেলে অত্যন্ত ভালো। সে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।"

এদিকে দুই পরিবারের সদস্য এবং স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন জীবনে তাদের সুখ, শান্তি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ ৬৯ শতাংশ কমেছে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ ৬৯ শতাংশ কমেছে: গবেষণা

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ প্রতিরোধে বিশেষভাবে তৈরি মশা (কৃত্রিম মশা) ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ব্রাজিলের একটি গবেষণায় দেখা গেছে, যেখানে বিশেষ ব্যাকটেরিয়াবাহী মশার বসবাস রয়েছে, সেখানে শিশুদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার হার প্রায় ৬৯ শতাংশ হ্রাস পেয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, একই দিনে গবেষকেরা এই তথ্য প্রকাশ করেন। ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে চার বছরের একটি গবেষণায় ৫ হাজার ৭০০-এর বেশি শিশুর ওপর পরীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা যায়, ২০২৪ সালে দেশটিতে ডেঙ্গুর বড় প্রাদুর্ভাবের সময়েও সংক্রমণ কমানোর এই সাফল্য অব্যাহত ছিল।

গবেষকেরা মশার শরীরে ‘উলবাকিয়া’ নামক একটি ব্যাকটেরিয়া ব্যবহার করেছেন। এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভাইরাস ছড়ানোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। বিশেষভাবে তৈরি এসব মশা যখন কোনো এলাকায় মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তখন ধীরে ধীরে স্থানীয় মশার মধ্যেও এই ব্যাকটেরিয়াটি ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, কীটনাশক ব্যবহারের পাশাপাশি এই পদ্ধতি অনুসরণ করলে মশাবাহিত রোগের সংক্রমণ আরও কমানো সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পরিচয়ে প্রযোজক বুবলী, ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ঢাকা চলচ্চিত্র উৎসবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


নতুন পরিচয়ে প্রযোজক বুবলী, ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ঢাকা চলচ্চিত্র উৎসবে

ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হিসেবে শবনম বুবলী অনেক দিন ধরে সিনেমায় অনিয়মিত হয়ে আছেন। যদিও রুপালি পর্দায় তার উপস্থিতি কম, সামাজিক মাধ্যমে তিনি নেটিজেনদের মাঝে সক্রিয় রয়েছেন। তবে এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে।

প্রতিষ্ঠানটির প্রথম কাজ সামনে আসার ফলে নতুন করে আলোচনায় এসেছেন বুবলী। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই সময় বলেছিলেন— এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।

এ মুহূর্তে বুবলী অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। গত ১১ মে তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও দেখা যাচ্ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারে তাকে দেখা যায়নি।

তবে শবনম বুবলীর অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হবে। এর পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে তিনি এখনো নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকে মনোযোগী রয়েছেন এই অভিনেত্রী।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে এ সিনেমাটি।

প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পেতে আশাবাদী শবনম বুবলী। তিনি প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%