প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হিসেবে শবনম বুবলী অনেক দিন ধরে সিনেমায় অনিয়মিত হয়ে আছেন। যদিও রুপালি পর্দায় তার উপস্থিতি কম, সামাজিক মাধ্যমে তিনি নেটিজেনদের মাঝে সক্রিয় রয়েছেন। তবে এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রথম কাজ সামনে আসার ফলে নতুন করে আলোচনায় এসেছেন বুবলী। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই সময় বলেছিলেন— এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।
এ মুহূর্তে বুবলী অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। গত ১১ মে তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও দেখা যাচ্ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারে তাকে দেখা যায়নি।
তবে শবনম বুবলীর অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হবে। এর পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে তিনি এখনো নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকে মনোযোগী রয়েছেন এই অভিনেত্রী।
স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে এ সিনেমাটি।
প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পেতে আশাবাদী শবনম বুবলী। তিনি প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন