প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অতিথিদের উপস্থিতি এবং বিয়ের আয়োজনের মধ্যে বাড়ির চারপাশে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তবে বর-কনের মধ্যে মুখের কোনো কথা নেই, শব্দের আদান-প্রদানও নেই। তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ইশারা এবং চোখের ভাষার মাধ্যমে। কারণ বর ও কনে দুজনেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
মুখে কথা না থাকলেও এবং কানে শোনার সামর্থ্য না থাকার পরও, তাদের মনের মিলনে দুই প্রাণ এক হয়ে গেছে। শারীরিক এই সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তারা একে অপরের জীবনসঙ্গী হতে পেরে অত্যন্ত আনন্দিত।
এই বিয়ে শুধুমাত্র দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং এটি ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া এবং মনের ভাষায় গড়ে ওঠা এক অনন্য সম্পর্কের কাহিনী। যেখানে শব্দের প্রয়োজন নেই, মুখের কথারও প্রয়োজন নেই। ইশারা এবং অনুভূতির মাধ্যমে শুরু হয়েছে তাদের নতুন জীবনের পথচলা।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের পুত্র। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারে রেডিও কলোনি এলাকার নূর হোসেনের কন্যা। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে।
জানা গেছে, পারিবারিকভাবে দুই পরিবারের সম্মতিতে গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর ও কনে দুজনেই জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তবে এই শারীরিক সীমাবদ্ধতা তাদের স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা এবং ভালোবাসায় তারা বেড়ে উঠেছেন।
বরের বাবা গোলাম আজম বলেন, "ফেসবুকের মাধ্যমে মেয়ের সঙ্গে আমার ছেলের পরিচয় হয়। পরে ঢাকায় থাকা আমার এক বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।"
তিনি আরও বলেন, "আমার ছেলের বয়স যখন ছয় মাস, তখন থেকেই তার কানে সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। সে বাক প্রতিবন্ধী। তবে আমার ছেলে অত্যন্ত ভালো। সে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।"
এদিকে দুই পরিবারের সদস্য এবং স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন জীবনে তাদের সুখ, শান্তি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন