০৬:০৬ পি.এম
নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতির জন্য নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বৈশাখী ও শিকদার ডাইন নামে ২টি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘর নামে একটি প্রতিষ্ঠানের ওপর দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সোনারগাঁ কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এই জরিমানা জাতীয় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী করা হয় এবং স্থানেই তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানার নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন পেশকার মো. বায়েজিদ, স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।
এ সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম মন্তব্য করেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আজ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তাদের বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন