প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। একইসঙ্গে, বোর্ড কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সভায় অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খারাপ ফলাফলের প্রকৃত কারণ উদঘাটনের জন্য অধ্যক্ষদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। সরাসরি আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে ফলাফল উন্নয়নের পথ খোঁজা হবে। তবে, কোনো প্রতিষ্ঠানের ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, শোকজ পাওয়া ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলায় ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বাইড়া মো.আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ, যার পাসের হার ১১.১১%। এছাড়া, মোহনপুর পাবলিক কলেজে ১২.৫০%, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২.৬৪% এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩.৫১% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
নোয়াখালীর ১৫ প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ১৩.৩৩%, খলিলুর রহমান ডিগ্রি কলেজের ১৪.৫৩% এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজের ১৫.৫৬% শিক্ষার্থী পাস করেছে।
চাঁদপুরের ১৩ প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন পাসের হার চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে, মাত্র ১০ শতাংশ। এছাড়া, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পাসের হার ১২.৭৯%।
লক্ষ্মীপুরে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের পাসের হার ১০.০৮%, জিল্লুর রহিম কলেজের ১১.৮১% এবং দত্তপাড়া ডিগ্রি কলেজের ১৩.৪৫% রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানের মধ্যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের পাসের হার ১৯.৩৫% এবং কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের ২১.৬০% শিক্ষার্থী পাস করেছে।
ফেনীর ৪ প্রতিষ্ঠানের মধ্যে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পাসের হার ১৪.২৯% এবং আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৭.৩৯% দেখা গেছে।
ফল বিপর্যয়ের কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যক্ষ জানিয়েছেন, মফস্বল এলাকার অধিকাংশ কলেজে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞান বিভাগের দক্ষ শিক্ষকের তীব্র সংকট রয়েছে, যা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন