প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়। অভিযানের সময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর পল্টন টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘চাঁদ ট্রাভেলস’ পরিচালনাকারী জসিম উদ্দিন প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন বা লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন।
এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামক একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ বিষয়ে বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের প্রতারণায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অভিবাসন খাতে প্রতারণা রোধে বিএমইটি ও মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন