০৫:২০ পি.এম
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ময়মনসিংহের অভিজ্ঞ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর বিপক্ষে তিনি ২২০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরির ফলে ময়মনসিংহ একটি বড় পুঁজি অর্জন করতে সক্ষম হয়েছে।
সিলেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে টস জিতে ব্যাটিং শুরু করে ময়মনসিংহ। তারা ১০৪.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৪০ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স প্রদর্শন করেন মোসাদ্দেক।
মোসাদ্দেক ২১৫ বল মোকাবিলা করে ২২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২২০ রান করেন। তার ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১০২.৩৩।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের ১২তম শতক। তবে এই সংস্করণে দীর্ঘ সময় ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না তিনি। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন এই অলরাউন্ডার। প্রায় আট বছর পর আবারও সেঞ্চুরি পেলেন তিনি, এবার সেটিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।
ময়মনসিংহের ইনিংসে মোসাদ্দেকের পর উল্লেখযোগ্য অবদান রাখেন আরিফুল জনি। তিনি ১৬৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মো. আল আমিন জুনিয়র ৩৯, মো. ফাহিম ৩৫ এবং আজিজুল হাকিম রনি করেন ২২ রান।
রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিহাদ উজ জামান। তিনি ময়মনসিংহের তিনটি উইকেট তুলে নেন। শফিকুল ইসলাম ও মোহর শেখ দুইটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন