ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাগলা মসজিদের ১৫ দানবাক্সে ৫১ বস্তা টাকা উদ্ধার


পাগলা মসজিদের ১৫ দানবাক্সে ৫১ বস্তা টাকা উদ্ধার

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৪ মাস ২৫ দিন পর দানবাক্স বা সিন্দুকগুলো খোলার কাজ শুরু হয়। সিন্দুক থেকে বের করা টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে গণনার কাজ চলছে।

পাগলা মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামকে নিয়ে মসজিদের দানবাক্সগুলো খোলার এবং গণনার কার্যক্রম শুরু করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মসজিদের দোতলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণনার কাজ তদারকি করছেন।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

এর আগে গত ২৭ জুন মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ১৩টি দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এবার আরও দুটি দানবাক্স বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার দানের টাকা আগের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটিরও বেশি টাকা।

প্রতিবার দানবাক্সে নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রুপার গয়না পাওয়া যায়। ছয় বছর ধরে জমিয়ে রাখা এসব সোনা-রূপা গত ১২ অক্টোবর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওজন করা হয়েছিল। সেখানে পাওয়া যায় ১০৪৪ ভরি (১২ কেজি ১৭৪ গ্রাম) সোনা ও ১০৮৮ ভরি (১২ কেজি ৬৯০ গ্রাম) রুপা। একই সঙ্গে দানবাক্সে পাওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর টেন্ডারের মাধ্যমে অলংকারগুলো বিক্রি করা হবে। বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

মসজিদের দোতলায় গিয়ে দেখা যায়, বস্তাগুলো খুলে গণনাকারীদের সামনে টাকা ঢেলে দেওয়া হচ্ছে। তারা সেগুলো ভাজ করে বান্ডিল তৈরি করছেন। একই সঙ্গে বান্ডিলগুলো ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যাংকের কর্মীরা হাতে ও মেশিনের সাহায্যে টাকাগুলো গণনা করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন। গণনার কাজে অংশ নিয়েছেন ৬ শতাধিক লোক। তাদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার সাড়ে তিনশ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছি জানান, এবারও নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রুপার অলংকার পাওয়া গেছে। টাকাগুলো গণনা শেষ করতে সন্ধ্যা কিংবা রাত হয়ে যেতে পারে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো কার্যক্রম ঘিরে মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি (র‌্যাব) ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক বলেন, দানবাক্স বা সিন্দুক খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু গণনার দিন নয়, সারা বছর মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত দান করতে আসে। নগদ অর্থের পাশাপাশি গবাদি পশু, হাঁস-মুরগিসহ নানা ধরনের জিনিসও এখানে দান করা হয়। এগুলো প্রতিদিনই নিলামে বিক্রি হয়ে থাকে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে বাকি অর্থ ব্যাংকে জমা রাখা হচ্ছে। বর্তমানে ১৩৩ কোটিরও বেশি টাকা ব্যাংকে জমা রয়েছে। তিনি আরও জানান, ব্যাংকে জমা রাখা পাগলা মসজিদের টাকার লভ্যাংশ থেকে গরিব ও অসহায় লোকদের অনুদান ও জটিল রোগে আক্রান্ত লোকদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও এ অর্থ ব্যয় করা হয়ে থাকে।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

জেলা প্রশাসক বলেন, ব্যাংকে জমানো টাকা দিয়ে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত নকশা হাতে পেলে দরপত্র আহ্বান করা হবে। এরপর শুরু হবে নির্মাণকাজ।

জানা গেছে, পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০ তলাবিশিষ্ট একটি বৃহৎ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ভবনে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজ পড়তে পারবে। পাশাপাশি নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, এতিমদের শিক্ষাব্যবস্থা, মাদরাসা লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনসহ নানা আধুনিক সুবিধা থাকবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এ প্রকল্প।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুফতি তাকি উসমানীর সফর নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


মুফতি তাকি উসমানীর সফর নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানীর পূর্বনির্ধারিত সফর নিশ্চিত করতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। তারা বলেছে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অনাপত্তিপত্র (এনওসি) না দিয়ে এই সফর অনিশ্চিত করে তোলা স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, "মুফতি মুহাম্মদ তাকি উসমানী সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম।" তিনি আরও বলেন, "হাদিস, ফিকহ, ইসলামি আইন ও অর্থনীতিতে তাঁর দীর্ঘদিনের গবেষণা ও অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত।" তাঁর বাংলাদেশ সফর এ দেশের আলেম-ওলামা ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এমন একটি সফর স্থগিত হওয়া বাংলাদেশের আলেম-ওলামাদের আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক যোগাযোগের ক্ষেত্রেও একটি অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, নিরাপত্তাগত আশঙ্কা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করাই দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ। কিন্তু নিরাপত্তার প্রশ্ন সামনে আসার পর যদি একজন সম্মানিত আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর স্থগিত হয়ে যায়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বলেন, "এ সফর ঘিরে সৃষ্ট পরিস্থিতি বাংলাদেশের ভাবমূর্তির জন্যও বিব্রতকর।" তিনি উল্লেখ করেন, "এমন একজন বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদের সফর নির্বিঘ্ন করতে না পারা আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দিতে পারে।"

তিনি আরও বলেন, সরকারকে এ ঘটনার দায় এড়িয়ে না গিয়ে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর এভাবে অনিশ্চয়তার মুখে না পড়ে, সে জন্য কার্যকর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দ্রুত মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফরের অনুকূল পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে তাঁরা দেশবাসীকে শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাসমূহে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নতুন নেতৃত্বে আবদুর রহমান ও রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি হিসেবে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহাত সাইফুল দায়িত্ব গ্রহণ করেছেন। উভয়েই সমান ২৪৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তাঁদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল ১০টায় সাধারণ সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আগামীর পথ চলতে চাই। বাচসাসের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে সংগঠনের কল্যাণে কাজ করে যেতে চাই।’

এছাড়া, তিনি বাচসাসকে আরও এগিয়ে নিতে সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। সহসাধারণ সম্পাদক হিসেবে আবু হুরায়রা মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা দায়িত্ব পেয়েছেন।

অতিরিক্তভাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে রুহুল আমিন ভূইয়া, আন্তর্জাতিক ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে আনিসুল হক রাশেদ, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক হিসেবে মহিব আল হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলিম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক। নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিবন্ধনে কোন খাতে কত টাকা দিতে হবে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


জমি নিবন্ধনে কোন খাতে কত টাকা দিতে হবে?

জমি কেনার সিদ্ধান্ত গ্রহণের পর ক্রেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জমি নিবন্ধন বা রেজিস্ট্রি করতে মোট কত টাকা ব্যয় হবে? অনেক ক্রেতা জমির দাম সম্পর্কে জানলেও দলিল নিবন্ধনের সময় সরকারি ফি, কর এবং অন্যান্য খরচের বিষয়ে পরিষ্কার ধারণা রাখেন না। এই কারণে দলিল সম্পাদনের সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণার শিকারও হতে হয়।

জমি নিবন্ধনের খরচ বিভিন্ন বিষয় যেমন জমির অবস্থান, মৌজা, জমির শ্রেণি, দলিলে উল্লেখিত মূল্য এবং সংশ্লিষ্ট এলাকার নির্ধারিত সরকারি মৌজা মূল্যের ওপর নির্ভর করে। এর সঙ্গে নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎসে করসহ বিভিন্ন ধরনের খরচ যুক্ত হয়।

সুতরাং জমি কেনার পূর্বে এসব খরচের হিসাব জানা অত্যন্ত জরুরি। আসুন জেনে নেওয়া যাক, জমি রেজিস্ট্রি করতে কোন কোন খাতে টাকা দিতে হয় এবং কীভাবে মোট খরচের হিসাব করবেন।

জমি নিবন্ধনের খরচ কোন কোন খাতে দিতে হয়?

নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ করা দলিল নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক এবং করের তালিকা পাওয়া যায়। জমি কেনাবেচার প্রচলিত সাফ-কবলা দলিলের ক্ষেত্রে প্রধান খরচগুলো হলো:

স্ট্যাম্প শুল্ক: দলিলের নির্ধারিত মূল্যের ওপর প্রযোজ্য হারে স্ট্যাম্প শুল্ক প্রদান করতে হয়।

রেজিস্ট্রেশন ফি: জমির দলিল নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হয়। সাধারণ সাফ-কবলা দলিলের ক্ষেত্রে এটি দলিল মূল্যের ১ শতাংশ।

স্থানীয় সরকার কর: জমি যে এলাকার মধ্যে অবস্থিত, তার ওপর এ করের হার নির্ভর করে। সিটি করপোরেশন এবং ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে হারের মধ্যে পার্থক্য রয়েছে।

উৎসে কর: জমি হস্তান্তরের সময় আয়কর আইন অনুযায়ী বিক্রেতার কাছ থেকে উৎসে কর আদায় করা হয়। জমির অবস্থান, মৌজা এবং নির্ধারিত মূল্য অনুসারে এ করের পরিমাণ পরিবর্তিত হয়। অনেক ক্ষেত্রে জমি রেজিস্ট্রির খরচের বড় অংশই এই কর হয়ে থাকে।

অন্যান্য ফি: দলিলের পৃষ্ঠা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর ওপর নির্ভর করে ই-ফি, এন-ফি, এনএন-ফি, হলফনামার স্ট্যাম্প এবং কোর্ট ফি প্রদান করতে হয়।

সরকারি ফি এবং করের হালনাগাদ তালিকা নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা যেতে পারে।

জমির দামের কত শতাংশ খরচ হয়?

হালনাগাদ প্রতিবেদনে নিবন্ধন অধিদপ্তরের নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি এবং রেজিস্ট্রেশন খরচের হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ১০ পৃষ্ঠার একটি দলিলের জন্য নিম্নলিখিত হার উল্লেখ করা হয়েছে।

ভ্যাট প্রযোজ্য ক্ষেত্রে

এখানে একটি বিষয় মনে রাখতে হবে, জমির দাম অনুযায়ী হিসাব করা তিনটি প্রধান খাতে মোট খরচ দাঁড়ায় ৪.৫ থেকে ৫.৫ শতাংশ। এর সঙ্গে উৎসে কর এবং অন্যান্য নির্ধারিত ফি যোগ হবে। ফলে সব জমির রেজিস্ট্রেশন খরচ একই রকম হবে না।

উৎসে কর কত টাকা দিতে হয়?

জমি রেজিস্ট্রির খরচের হিসাব করতে গিয়ে অনেকেই উৎসে কর নিয়ে বিভ্রান্ত হন। অনেকে একে গেইন ট্যাক্স বা ভূমি হস্তান্তর কর বলেও জানেন।

আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারায় সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর আদায়ের বিধান রয়েছে। জমির অবস্থান এবং সংশ্লিষ্ট এলাকার জন্য নির্ধারিত মূল্য অনুসারে এ করের পরিমাণ নির্ধারণ করা হয়। কিছু ক্ষেত্রে প্রতি শতাংশ জমির জন্য নির্ধারিত অঙ্ক এবং দলিলে উল্লেখিত মূল্যের ওপর নির্ধারিত শতাংশের মধ্যে যেটি প্রযোজ্য, সেটি বিবেচনা করতে হয়।

এ কারণে শুধু জমির মোট দাম দিয়ে উৎসে করের সঠিক হিসাব করা সম্ভব নয়। জমিটি কোন জেলা, উপজেলা, মৌজা এবং নির্দিষ্ট এলাকায় অবস্থিত, তা জানা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%