মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৫ পি.এম
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ড্রোন এবং এপিসি ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন যে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ২০২৩ সালে ব্যাপক গণবিক্ষোভের ফলে বন্ধ হয়ে যাওয়া বিশাল উন্মুক্ত তামার খনিটি পুনরায় চালুর জন্য কানাডার একটি খনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে পানামা। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সোমবার।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মুলিনো জানান, কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট কোয়ান্টাম মিনারেলসের পরিচালনাধীন ‘কোব্রে পানামা’ খনিটি পুনরায় চালুর লক্ষ্যে আলোচনা হবে। এক সময় এই খনি থেকে উৎপাদিত তামা পানামার মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ এবং দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান অবদান রাখত।
খনিটি বন্ধ করে দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২৭ বিলিয়ন ডলার দাবি করেছে। এই পরিমাণ অর্থ পানামার মোট জিডিপির প্রায় ৩০ শতাংশের সমান।
সরকারের একটি কমিশন বিতর্কিত এই খনিটি পুনরায় চালুর সুপারিশ করেছে। কমিশনের মতে, খনিটি চালু করা গেলে এর মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান হবে, যা খনিটি যথাযথভাবে বন্ধ করার কাজে ব্যবহার করা যেতে পারে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছরও লেগে যেতে পারে।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুলিনো কানাডীয় প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা মিনেরা পানামার সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্তের কথা জানান। তবে আলোচনা কবে শুরু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
২০২৩ সালে পানামার সুপ্রিম কোর্ট খনিটির ইজারা চুক্তিকে অসাংবিধানিক ঘোষণা করে। আদালতের মতে, চুক্তিটি পরিবেশ সুরক্ষা এবং সরকারি দরপত্রসংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করেছে।
এর আগে খনির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে মধ্য আমেরিকার দেশটির বিভিন্ন এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল।
তবে তিন বছর পর খনিটির আশপাশের এলাকার কিছু বাসিন্দা এখন এটি পুনরায় চালুর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি, খনিটি বন্ধ হয়ে যাওয়ায় ওই অঞ্চলের হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজেড) রাশিয়ার একাধিক সামরিক বিমান প্রবেশ করার পর দেশটি যুদ্ধবিমান মোতায়েন করেছে। একই সঙ্গে, সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় কৌশলগত সামরিক তৎপরতাও শুরু করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, মঙ্গলবার ভোরে রাশিয়ার বেশ কিছু সামরিক বিমান ওই অঞ্চলে প্রবেশ করে। বিমানগুলো পূর্ব সাগর (জাপান সাগর) এলাকার ওপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।
জয়েন্ট চিফস অব স্টাফের এক সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘রাশিয়ার বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের পূর্বে আমাদের সামরিক বাহিনী সেগুলোর উপস্থিতি শনাক্ত করে। এরপর যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন এবং প্রয়োজনীয় কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’
আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোন দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। এটি একটি নির্দিষ্ট এলাকা, যেখানে নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
সাধারণত, কোনো দেশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে সামরিক বিমানের আগাম তথ্য দেওয়ার রীতি রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের আগাম তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো দেশটির সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি।
এর আগে গত জুনে, চীন ও রাশিয়ার ১০টির বেশি সামরিক উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। ওই ঘটনায়ও যুদ্ধবিমান মোতায়েন করেছিল সিউল। তবে সেবারও উড়োজাহাজগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।
সে সময় বেইজিং জানিয়েছিল, জাপান সাগর, পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ছিল একটি ‘কৌশলগত আকাশ টহল’। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এ তৎপরতার উদ্দেশ্য।
তবে চীন তাদের ওই বক্তব্যে দক্ষিণ কোরিয়া বা দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পঞ্চগড় জেলার শীতের অনুভূতি ক্রমশ বাড়ছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলায়ও ঠাণ্ডার অনুভূতি হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
এদিকে গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় দিনভর আবহাওয়ায় শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশের মেঘাচ্ছন্নতা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে ভূপৃষ্ঠ বা মাটি যথেষ্ট উত্তপ্ত হচ্ছে না। এ কারণে দিনের বেলায়ও ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই পূর্বাভাসটি কেটে গেলে সারা দিন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে না। তবে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : জাপানের আকাশসীমায় সন্দেহভাজন রাশিয়ার দুটি বিমান প্রবেশ করার পর, দেশটি সেগুলোকে সতর্ক করার জন্য যুদ্ধবিমান মোতায়েন করেছে। একই সঙ্গে, এ ঘটনায় মস্কোর প্রতি ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানানো হয়েছে জাপান সরকারের পক্ষ থেকে।
মঙ্গলবার ভোর ৪টার কিছু পর, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা এলাকার ওকিনোশিমার কাছ দিয়ে বিমান দুটি জাপানের আকাশসীমায় প্রবেশ করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানান, বিমান দুটিকে সতর্ক করার জন্য দেশটির আত্মরক্ষা বাহিনীর যুদ্ধবিমান পাঠানো হয়।
তিনি উল্লেখ করেন, ‘রাশিয়ার বিমানের জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, এটি আমাদের নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
কিহারা আরও জানান, ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে আমরা অত্যন্ত কঠোর প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও জোরালো দাবি জানিয়েছি।’
সাম্প্রতিক কয়েক সপ্তাহে, মস্কো ও টোকিওর মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার এবং রাশিয়ায় জাপান টোব্যাকোর সম্পদ জব্দের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ