০৭:৪৫ পি.এম
চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ : রাঙ্গুনিয়ায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর তিনটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
আজ রোববার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
অভিযানের আওতায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩) নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত ইটভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন