প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে খাবারের দাম বৃদ্ধি করা হলেও মানের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা অসন্তুষ্ট হয়ে উঠেছেন। অভিযোগ উঠেছে, নতুন দামেও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারে পোকা পাওয়ার মতো ঘটনাও ঘটছে।
শিক্ষার্থী ও হল সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর থেকে হল অফিসের নোটিশের মাধ্যমে প্রতিটি খাবারের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, আগের দামের তুলনায় প্রায় প্রতিটি খাবারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, আগে যেখানে ডিম ও ভাতের দাম ছিল ৩৫ টাকা, সেখানে বর্তমানে ৪০ টাকা নেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার পরিবেশন করা চিকেন বিরিয়ানির দাম ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। ভাত ও শুঁটকির দাম আগে ৩৫ টাকা ছিল, এখন সেটি ৪০ টাকা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, খাবারে ছোট ৩ পিসের বেশি শুঁটকি পাওয়া যাচ্ছে না।
এছাড়া, খাবার তালিকায় পাঙ্গাশ মাছ ও ভাতের নির্ধারিত মূল্য ৩৫ টাকা উল্লেখ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে খাবারের দাম বৃদ্ধি হলেও খাবারের মান বাড়েনি। বরং খাবারে পোকা পাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। আবাসিক শিক্ষার্থীরা দ্রুত খাবারের মান নিশ্চিত করা এবং তালিকা অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।
শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী মিয়াদ ইসলাম বলেন, "খাবারে পোকা পাওয়া যাচ্ছে। তাদের ব্যবহারেও গা সারা ভাব। এমনকি সবগুলা খাবারের দাম বাড়ানো হয়েছে। গত সপ্তাহেও ছোট এক পিস মুরগি ৩০ টাকা করে রাখতো, এখন ৪০ টাকা। পাঙ্গাস মাছ তালিকায় নির্ধারিত ৩৫ টাকা কিন্তু আজকে ৪০ টাকা করে নিচ্ছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি খাবারের দাম বাড়ানো হলেও মানের কোনো পরিবর্তন হয়নি।"
খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহপরান হলের আবাসিক আরেক শিক্ষার্থী ইয়াহিন সাজিদ বলেন, "দাম যদি ৩৫ থেকে ৪০ করা হয়, স্বাদ এবং পরিমাণ দুটোই একটু বাড়ার কথা ছিল। কিন্তু কোনোকিছুই পরিবর্তন হয়নি। পরিমাণে যা আছে তাই, জাস্ট দামটা বেড়েছে।"
এ বিষয়ে শাহপরান হলের শিক্ষার্থী আরমান বলেন, "গত সপ্তাহ থেকে ডাইনিং এ হঠাৎ খাবারের দাম ৫ টাকা থেকে ১০ টাকা বেশি রাখা হচ্ছে কিন্তু সেই তুলনায় খাবারের মান কোন পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "হল প্রশাসন যদি খাবারের দাম বাড়াতে চায় তাহলে তাদের ভর্তুকি দেওয়া উচিত। কিন্তু দাম বাড়ানো হয়েছে অথচ খাবারের গুণগত মান ন্যূনতম বাড়েনি। উল্টো খাবারে পোকা পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।"
এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "আমি গতকালও ডাইনিং ঘুরে দেখেছি শিক্ষার্থীরা অভিযোগ করেনি। আর খাবারের দাম বাড়ানো হয়নি। অন্য হলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আজকে আবার আমি হলে যাবো। বাকি দুই হলের খাবার তালিকা নিয়ে সমন্বয় করার চেষ্টা করব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন