ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১ ডিসেম্বর কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র চালু


১ ডিসেম্বর কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র চালু

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে আগামী ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সরকারের নতুন দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু হতে যাচ্ছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকরা বাংলাদেশি ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন কেন্দ্রগুলোর পরিচালনার দায়িত্ব পেয়েছে বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (এসজিজিএস)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ ও নির্বিঘ্ন করার জন্য সরকার এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে, এসব রাজ্যে দীর্ঘমেয়াদে বসবাসকারী বিদেশি নাগরিকরাও নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

নতুন ব্যবস্থায় আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে (এসজিজিএস) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিষ্ঠানটি আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করবে। উপ-হাইকমিশন আবেদনকারীদের সুবিধার জন্য যেকোনো একটি কেন্দ্রের মাধ্যমে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বিএমডিসি

নতুন ঠিকানা অনুযায়ী, কলকাতার ভিসা আবেদন কেন্দ্র সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ার্সে চালু হবে। এর ঠিকানা প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১। অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি সেবক রোডের সিটি মলের প্রথম তলায় স্থাপন করা হবে। ঠিকানা শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।

এর আগে, কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফলে নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২০ নভেম্বর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটালের পরিচালিত কেন্দ্রগুলোতে আর ভিসার আবেদন জমা দেওয়া যাবে না। নতুন আবেদন কেন্দ্র ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছিল।

আগের ব্যবস্থায়, কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন। নতুন প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পরেও আবেদনকারীদের কেন্দ্র পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে উপ-হাইকমিশনের নির্দেশনা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

নতুন দুটি কেন্দ্র চালুর ফলে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসাপ্রত্যাশীদের আবেদন জমা দেওয়ার সুযোগ অব্যাহত থাকবে। পাশাপাশি নতুন ঠিকানায় সেবা চালু হওয়ায় আবেদনকারীদের পুরোনো কেন্দ্রের পরিবর্তে নির্ধারিত নতুন কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


আওয়ামী লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

আমিনুল ইসলাম উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলায় প্রতি সপ্তাহে গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এই কর্মসূচি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশগ্রহণ করতে পারবে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং আহত-নিহত পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানির মাধ্যমে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার মামলা হয়, তবে কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। এছাড়া, মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।

গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে, এমন কথা জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালিত হবে।

দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম বা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও মামলা করেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এমন তথ্য ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাওয়া গেছে।

এসব অপরাধের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে, জানান তিনি। তিনি বলেন, "আমরা মনে করি এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।" আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে বার্তা দিতে চান যেন বাংলাদেশে আর কখনও কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়। এ কারণেই তারা এ কর্মসূচির মাধ্যমে জাতির কাছে বার্তাটি পৌঁছে দিতে চান।

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। এখানকার তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া বাংলাদেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও কার্যকর থাকবে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছে।

এই বিষয়গুলো গত ২৩ নভেম্বর ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা)-এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে আলোচনা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের পর্যালোচনা করা হয় এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পায়।

অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল শিল্প, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়।

এছাড়া, অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদেরকে এসব খাত সম্পর্কে আরও অবহিত করার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এছাড়া, আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের লক্ষ্যে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকর্ষণের জন্য নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের সুযোগ-সুবিধা এবং সরকার প্রদত্ত বিনিয়োগ প্রণোদনা তুলে ধরা হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে সুদৃঢ় করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) স্বাক্ষরিত হয়। এই বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল, বহুমুখী ও সুসংহত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, দায়ের ৪৪ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, দায়ের ৪৪ মামলা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০, লালবাগ বিভাগ থেকে ৪৩, ওয়ারী বিভাগ থেকে ৬০, মতিঝিল বিভাগ থেকে ৬৪, তেজগাঁও বিভাগ থেকে ১০০, মিরপুর বিভাগ থেকে ১১৭, গুলশান বিভাগ থেকে ৪১ এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট

পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তো ইতিহাস গড়লেন। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে তিনি সেরার মুকুট অর্জন করেন। বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন।

এই বিজয়ের মাধ্যমে পুয়ের্তো রিকোর ঝুলিতে ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা যুক্ত হলো, এবং জেনিফার হলেন প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা, যিনি বিশ্বসেরা সুন্দরীর খেতাব অর্জন করলেন।

সুন্দরী প্রতিযোগিতায় নতুন পথচলা

জেনিফার আগে কখনোই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। চলতি বছরেই তিনি জীবনে প্রথমবার রানওয়েতে হাঁটেন।

‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফেব্রুয়ারিতে প্রথমবার রানওয়েতে হেঁটেছিলেন—জাতীয় মুকুট জেতার মাত্র চার মাস আগে। সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে তিনি মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জিতেন।

কিন্তু কেন হঠাৎ এই প্রতিযোগিতায় আসা? পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে তিনি জানান, নতুন একটি অভিজ্ঞতা নিতেই মূলত অংশগ্রহণ করেছিলেন।

নিজের সম্পর্কে তার ভাষায়, তিনি এমন একজন ব্যক্তি যিনি নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন এবং তা থেকে একটি উত্তরাধিকার তৈরি করতে চান। জাতীয় পর্যায়ে জয়ের পর ‘এল ভোসেরো’-কে তিনি বলেন, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো শুরু করার সময় যে নারী ছিলাম, এখন আর আমি সেই নারী নই।’

এ বছর প্রতিযোগিতার আয়োজক দেশ হওয়ায়, জাতীয় বিজয়ী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও তার কাঁধে ছিল। সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের কাছে ‘লা বারেত্তো’ নামে পরিচিতি লাভ করেছেন।

পরিবার, ক্যারিয়ার ও সমাজসেবা

জেনিফার বিবাহিত এবং তার সাত বছর বয়সি কন্যা সন্তান রয়েছে, যার নাম পেনেলোপে। জাতীয় শিরোপা জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে তার পাশে ছিলেন।

২০২৪ সালে জেনিফার কোলনের পর তিনি মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতা দ্বিতীয় মা।

তার মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য সচেতনতা। বিশেষ করে নারী ও পরিবারের মানসিক সুস্থতা নিয়ে কথা বলতে এবং মাতৃত্ব যে ব্যক্তিগত বা পেশাগত লক্ষ্যের পথে বাধা নয়—তা প্রমাণ করতে চান তিনি। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন।

শিকড় ও প্রস্তুতি

ইসাবেলায় বেড়ে ওঠার সময় থেকেই সেবার মানসিকতা গড়ে ওঠে এই বিশ্ব সুন্দরীর। স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে ভলিবলের প্রতি তার আগ্রহের কথা এবং তাকে বড় করে তোলায় নানা-দাদার ভূমিকার কথা। মায়ের সঙ্গে বসে মিস ইউনিভার্স দেখে বড় হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় প্রতিযোগিতায় নামার আগে প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন জেনিফার। তার জাতীয় পোশাকটি ছিল ‘মোরিভিভি’ উদ্ভিদের অনুপ্রেরণায় তৈরি।

ফাইনালের আলোয়

প্রশ্নোত্তর পর্বে জেনিফারের কাছে জানতে চাওয়া হয়, দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বাড়তে থাকলে কোন মানবিক মূল্যবোধটি সংরক্ষণ করা উচিত।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন ডোমিনিকান প্রজাতন্ত্রের মেলিসা নুনেজ। এরপর যথাক্রমে ছিলেন ভেনেজুেলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডর্স্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।

জেনিফারের এই জয়ে পুয়ের্তো রিকোর আগের বিশ্বজয়ীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম—মারিসল মালারেট (১৯৭০), ডেবোরাহ কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইন্যান্স (২০০১) এবং জুলিয়েকা রিভেরা (২০০৬)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%