ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর


কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত আগামী ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। এদিন কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে আগামী ১৪ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেন। উল্লেখ্য, আসাদুজ্জামান খান কামালসহ অন্য তিনজন এই মামলায় পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি হলেন মো. আনোয়ারুল ইসলাম

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এছাড়া, এই আসামি ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করেন বলে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন, চারটি ফ্লাইট দিয়ে শুরু: বিমানমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যালিসের হুয়াংয়ের সঙ্গে প্রেমের সময় চীনা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


অ্যালিসের হুয়াংয়ের সঙ্গে প্রেমের সময় চীনা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল

মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আলোচিত কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা চীনা নারী অ্যালিস হুয়াং, সাবেক প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের সময় চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (২২ নভেম্বর) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, ২০২৫ সালের বসন্তকাল থেকে শুরু করে চলতি বছরের শরৎকাল পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে চীনের প্রভাবশালী রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ধারাবাহিক যোগাযোগ ছিল।

এ বিষয়ে জেনসেন হুয়াংয়ের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। এনভিডিয়া এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। বার্তা সংস্থা রয়টার্সও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো বক্তব্য পায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার, গ্রাহকদের ক্ষোভ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার, গ্রাহকদের ক্ষোভ বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের মাধ্যমে সচল হয়েছে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার, যা টানা পাঁচ কার্যদিবস বন্ধ ছিল। সঞ্চয়পত্র কেনা, নগদায়ন ও প্রত্যয়নপত্র সংগ্রহের মতো বিভিন্ন সেবা অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডের কারণে বন্ধ ছিল। ফলে, পাঁচ দিন ধরে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে, গত চার দিনের মতো আবারও সঞ্চয়পত্র অফিস ও ব্যাংকে এসে ফিরে যেতে হয়েছে গ্রাহকদের। বিশেষ করে, যারা সংসারের খরচ, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল, তাদের দুর্ভোগ বেড়েছে অনেক গুণ।

গ্রাহকদের অভিযোগ, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডের কারণে পাঁচ কার্যদিবস ধরে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার ডাউন থাকায় সঞ্চয়পত্র কেনা, নগদায়ন ও প্রত্যয়নপত্র সংগ্রহের মতো বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন না। এর ফলে, একদিকে সময় ও যাতায়াত খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে পারছেন না তারা।

এদিকে, দুপুরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার সচল হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, দ্রুতই স্বাভাবিক লেনদেনে ফিরে আসবে সিস্টেম।

সঞ্চয়পত্রের সার্ভার সচল হওয়ায় গ্রাহকদের অপেক্ষার অবসান হওয়ার আশা দেখা দিয়েছে। তবে, পাঁচ দিনের এই অচলাবস্থা সরকারি আর্থিক সেবার ডিজিটাল ব্যবস্থাপনার সক্ষমতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।

এর আগে, জাতীয় সঞ্চয় অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম চলমান থাকায় সিস্টেমের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়, নগদায়নসহ সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আপগ্রেডেশন শেষ হলে দ্রুততম সময়ে সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের ফাঁদে প্রতারণা, সতর্ক না হলে বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


প্রেমের ফাঁদে প্রতারণা, সতর্ক না হলে বিপদ

প্রেমের ফাঁদ ‘অনলাইন’। প্রেমে জড়াতে চাইলে বা না চাইলে— মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে সকলের। যতই বুদ্ধিমান বা চতুর হোন না কেন— কোথায় ওঁৎ পাতা রয়েছে, তা বোঝা কঠিন। এই অনলাইনের প্রেম নিয়ে সতর্ক করেছেন অস্ট্রেলিয়া নিবাসী সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল।

প্রেমের আবেগের সঙ্গে টাকা চাওয়ার কৌশল এখন অতীত। বরং সরাসরি প্রেমের প্রস্তাব না দিয়ে, মনের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্বাস অর্জন করেই চলছে প্রতারণার চক্র। ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। আবার কখনো এমন বিপদের টোপ ফেলা হচ্ছে, সত্যি-মিথ্যা না বুঝে, কখনো কখনো সরাসরি ‘না’ বলার কারণে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অনেকে।

প্রেমের ধরন ও সংজ্ঞা এখন সম্পূর্ণ ভিন্ন। সঙ্গীর খোঁজ এখন ডেটিং অ্যাপে। কখনো সামাজিক মাধ্যমের মাধ্যমে জড়িয়ে যায় মন-শরীর। সবকিছু যে ভুয়া, প্রেম যে হয় না, তা কিন্তু নয়। তবে সামান্য অসাবধান হলেই ঘটতে পারে বড় বিপদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল জানিয়েছেন, “প্রতারকদের লক্ষ্যই থাকে অন্যদিকের মানুষটিকে প্রেমের জালে ফাঁসিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক প্রতারণা।”

কিন্তু কোনটি প্রেম, কোনটি ফাঁদ— কীভাবে বুঝবেন? সরাসরি টাকা চাওয়ার পরিবর্তে প্রতারকরা অন্য পথে হাঁটে। যার প্রথম শর্ত হলো— কারও একাকিত্বের দিনগুলোতে ভরসার হাত বাড়িয়ে দেওয়া। প্রথমে যত্ন, পাশে থাকার অঙ্গীকার। বিশ্বাস ও ভরসা অর্জনের পরেই তারা আসল কাজটি সম্পন্ন করে।

মন খারাপ, সম্পর্কের ভাঙনের মুখে দাঁড়িয়ে কি সামাজিক মাধ্যমকেই ভরসাযোগ্য মনে হয়? যেসব রিল বা ভিডিওর কথায় মনের মিল পান, সেগুলো কি শেয়ার করেন? কোথায় ঘুরছেন, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কাহিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন? সাইবার অপরাধীরা নিঃশব্দেই সেসব লক্ষ্য করে ‘টার্গেট’ খুঁজে নেয়। অজান্তেই পাতা হয়ে যায় ফাঁদ।

সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল বলেন, “ব্যক্তিগত তথ্য, জীবনের প্রতিটি মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে বিপদ হতে পারে। প্রতারকরা তাদেরই বেছে নেন, যারা একাকিত্বে ভুগছেন, বিবাহবিচ্ছিন্ন বা জীবনে প্রেম খুঁজতে চাইছেন। শুধু আবেগপ্রবণ মানুষ নন, প্রতারকরা চড়া সুদে বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সির লোভ দেখিয়ে অনেক সময় অভিজ্ঞ, চালাক-চতুর লোকজনকেও বোকা বানিয়ে দেয়।”

আর প্রতারকরা অনেক সময় ভুয়া ছবি ও পরিচয়ের ভেক ধরেও সম্পর্কে জড়ায়। দেখা করার কথা বললেই শুরু হয় অজুহাত।

চলুন জেনে নেওয়া যাক, যা দেখলে বুঝবেন লাল সংকেত—

প্রোফাইলের ছবি: প্রোফাইলের ছবিটি অতিমাত্রায় নিখুঁত, মডেলদের মতো হলে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। কারণ ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’-এ গিয়ে দেখুন, অন্য কারও মুখের সঙ্গে মিল আছে কিনা।

পরিচয়ে অসঙ্গতি: প্রোফাইলে পুরোনো কোনো ইতিহাস বা সাধারণ পোস্ট থাকে না। কথা বলার সময় তাদের তথ্য বা কাজের বিবরণ বারবার বদলে যায়। কথাগুলো শুনতে সাজানো-গোছানো মনে হলেও বাস্তবে তথ্য যাচাই করার মতো প্রমাণ পাওয়া যায় না।

ভালোবাসার নাটকের পর কৌশলে টাকা চাওয়া: সম্পর্কের একটি পর্যায়ে এসে তারা প্রয়োজনের কথা বলে- চিকিৎসার খরচ, আইনি সমস্যা বা যে কোনো জরুরি পরিস্থিতির কথা বলে টাকা দেওয়ার অনুরোধ করে, যা সচরাচর অন্য মানুষটির পক্ষে এড়ানো সম্ভব হয় না।

টাকা চাওয়ার পন্থা: টাকা দেওয়ার জন্য তারা গিফট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, ওয়্যার ট্রান্সফারের মতো আন্তর্জাতিক মাধ্যম ব্যবহারের অনুরোধ করতে পারে।

দেখা করতে না চাওয়া: দেখা করার কথা বললে নানা রকম অজুহাত দেয় তারা? কখনো বাড়ির সমস্যা, আবার কখনো নেটওয়ার্কের সমস্যা বলে ভিডিওকল এড়ায়। শেষ মুহূর্তে কাজ পড়েছে বলে এরা সাক্ষাৎ এড়ানোর চেষ্টা করে।

উপহারের জন্য মাসুল: কোনো দামি উপহার, গহনা পাঠিয়েছে জানিয়ে কুরিয়ার ফি, কাস্টমস চার্জ বা রিলিজ ফি বাবদ টাকা পাঠানোর কথা বলতে পারে। এভাবে কিছু টাকা হাতিয়ে নিতে পারে তারা।

মানসিক চাপ: কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে বা পরিবারের সন্দেহকে গুরুত্ব দিতে অগ্রাহ্য করতে বলে বা বিশ্বাস করছো না বলে পালটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে সতর্ক হওয়া দরকার। এটি অন্যজনকে মানসিকভাবে কাবু করার চেষ্টা হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। আগামী সপ্তাহের শুরুতে স্বল্পমেয়াদি স্থিতিশীলতার পর আবারও মূল্যবান এই ধাতুর দাম কমতে পারে। তবে সোনার পরবর্তী গতিপথ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং ফেডারেল রিজার্ভের সুদের নীতির ওপর নির্ভর করবে।

বাজার বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান লাইটফাইন্যান্সের ২০ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, নভেম্বরের বাকি সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৯২ থেকে ৪ হাজার ৩৭৩ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। মাস শেষে গড় দাম ৩ হাজার ৫৮২ ডলারের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর সোনার দাম কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। গড় দাম হতে পারে ৩ হাজার ৫৫৮ দশমিক ৬২ ডলার এবং সর্বোচ্চ দাম ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলার।

আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়েও সোনার বাজারে ওঠানামা থাকতে পারে। এ সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২৪৯ দশমিক ১৭ থেকে ৪ হাজার ৭ ডলারের মধ্যে থাকতে পারে। সপ্তাহের গড় দাম ৩ হাজার ৬২৮ দশমিক ৫০ ডলার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

লাইটফাইন্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, চার ঘণ্টার চার্টে সোনার দামে নিম্নমুখী প্রবণতার সংকেত পাওয়া যাচ্ছে। সেখানে ‘থ্রি ব্ল্যাক ক্রো’ নামে পরিচিত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যা সাধারণত দরপতনের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।

এ ছাড়া এমএসিডি সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে। বাজারদরের ওপরে অবস্থান করছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস (ভিডব্লিউএপি) এবং ২০ দিনের সরল চলমান গড় (এসএমএ)। এসব সূচক বাজারে বিক্রির চাপ থাকার ইঙ্গিত দিচ্ছে।

তবে আপেক্ষিক শক্তি সূচক বা আরএসআই ১৬-তে অবস্থান করছে, যা অতিবিক্রীত পরিস্থিতি নির্দেশ করে। এ অবস্থায় স্বল্পমেয়াদে সোনার দামে সাময়িক ঊর্ধ্বমুখী সংশোধন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থাৎ সামগ্রিক প্রবণতা নিম্নমুখী হলেও মাঝেমধ্যে দাম বাড়ার সুযোগ রয়েছে।

প্রতিবেদনে সোনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সমর্থন ও প্রতিরোধমূলক মূল্যস্তরও উল্লেখ করা হয়েছে। সমর্থনমূলক স্তরগুলোর মধ্যে রয়েছে ৩ হাজার ৫১১ দশমিক ৭৯, ৩ হাজার ৪৪৮ দশমিক ৫৬ এবং ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। অন্যদিকে প্রতিরোধমূলক স্তর হিসেবে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫, ৩ হাজার ৬৪৩ দশমিক ২৪ এবং ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলারকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।

বিশ্লেষকদের মূল পূর্বাভাস অনুযায়ী, উচ্চ লেনদেনের মধ্যে দাম ৩ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারের নিচে নেমে গেলে স্বর্ণের দর আরও কমতে পারে। বিপরীতে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫ ডলারের ওপরে শক্ত অবস্থান তৈরি হলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েক সপ্তাহে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য, ডলারের অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গত ২৮ অক্টোবরের বৈঠকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছিল। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানো হবে, নাকি বর্তমান অবস্থায় রাখা হবে— তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। লাইটফাইন্যান্সের প্রতিবেদনে সিএমই গ্রুপের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ডিসেম্বরে সুদের হার বাড়িয়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশ করার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বা বাড়ার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যেতে পারে। একই সঙ্গে ডলারের মূল্য এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।

মধ্যপ্রাচ্যের সংঘাতও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। তবে সংঘাত বাড়লেই স্বর্ণের দাম বাড়বে— এমন নিশ্চয়তা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে গেলে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়তে পারে। এতে ডলার ও বন্ডের মুনাফা শক্তিশালী হয়ে স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারে দরপতনের মাত্রা সীমিত রাখতে পারে। সুকডেন ফাইন্যান্সিয়ালের তথ্য অনুযায়ী, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সেপ্টেম্বর মাসে তাদের স্বর্ণের মজুত ২৩ টন বাড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ২৩ মাস ধরে স্বর্ণ কেনার ধারাবাহিকতা বজায় রেখেছে দেশটি। স্বর্ণের দাম কমলেও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে বিনিয়োগের পরিমাণও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।

নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে। ২৩ নভেম্বর প্রকাশিত হবে উৎপাদন ও সেবা খাতের প্রাথমিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)। পরদিন ২৪ নভেম্বর প্রকাশিত হবে ভোক্তা আস্থা সূচক।

২৫ নভেম্বর প্রকাশের কথা রয়েছে অক্টোবরের মূল ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচক, তৃতীয় প্রান্তিকের প্রাথমিক জিডিপি তথ্য এবং বেকারভাতার প্রাথমিক আবেদনসংক্রান্ত পরিসংখ্যান। একই সময়ে ফেডারেল রিজার্ভের বেইজ বুকও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এসব তথ্য যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের অবস্থা সম্পর্কে ধারণা দেবে। ফলে বিনিয়োগকারীরা ফেডের ভবিষ্যৎ সুদের নীতি সম্পর্কে নতুন সংকেত পেতে পারেন। আর এসব সংকেতের ওপর নির্ভর করেই স্বর্ণের বাজারে নতুন করে কেনাবেচার প্রবণতা তৈরি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%