ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার ঘোষণা


ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট হ্রাসের উদ্দেশ্যে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগস্থ বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই পরিকল্পনার কথা জানান।

সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেন। তারা একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানান।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের পক্ষ থেকে তুলে ধরেন।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করেন। স্মারকলিপিতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতা কামনা করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সীতাকুণ্ড সমুদ্রউপকূলে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করছেন সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার চরম ক্ষোভ ট্রাম্পের ওপর, মার্কিন পণ্য বয়কট সমানে চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


কানাডার চরম ক্ষোভ ট্রাম্পের ওপর, মার্কিন পণ্য বয়কট সমানে চলছে

কানাডা, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। কানাডার নাগরিকরা মার্কিন শুল্কনীতি, বাণিজ্য বিরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একইসঙ্গে, মার্কিন পণ্য বয়কটের প্রবণতা সমানতালে বৃদ্ধি পাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কানাডার বিভিন্ন শহরে মার্কিন পণ্য বয়কটের হিড়িক লেগে গেছে। অনেক কানাডিয়ান এখন মার্কিন পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য কিনতে আগ্রহী হয়ে উঠেছেন। পাশাপাশি, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান মার্কিন সরবরাহকারীদের পরিবর্তে কানাডীয় এবং অন্যান্য দেশের বিকল্প উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক কানাডিয়ান যুক্তরাষ্ট্রে ভ্রমণ কমিয়ে দেশের অভ্যন্তরে অথবা ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন।

রাজনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর দাবি জোরালো হয়েছে। সাম্প্রতিক অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ কানাডিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে আসার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

যুক্তরাষ্ট্র-কানাডার বহুদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হঠকারী পদক্ষেপের কারণে। ইতোমধ্যে কানাডার বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্র উচ্চহারে শুল্ক আরোপ করেছে। এর জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে নতুন বাজার ও বাণিজ্যিক অংশীদার খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন।

কানাডিয়ানদের মধ্যে যুক্তরাষ্ট্র সম্পর্কে জনমতেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সাম্প্রতিক অ্যাঙ্গাস রিডের জরিপে দেখা গেছে, মাত্র ৪৫ শতাংশ কানাডিয়ান মার্কিন জনগণের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে, ৪৮ শতাংশের মনোভাব নেতিবাচক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নেতিবাচক মনোভাব আরও বেশি। জরিপে ৭৯ শতাংশ কানাডিয়ান তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, কানাডা-যুক্তরাষ্ট্রের বর্তমান বৈরিতা শুধুমাত্র সাময়িক রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়ছে বাণিজ্য, ভ্রমণ, ভোক্তাদের কেনাকাটা এবং দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কেও। ফলে, কয়েক দশকের ঘনিষ্ঠ কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে বের হওয়া ছেলের হাতে ঘুমন্ত বাবা খুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


জামিনে বের হওয়া ছেলের হাতে ঘুমন্ত বাবা খুন

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত অবস্থায় নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন শাকিল চৌধুরী (৩৫) নামের এক যুবক। এ ঘটনার সময় তাকে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার মা ও ভাই। ঘটনার পর থেকে শাকিল চৌধুরী পলাতক রয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) ছিলেন মৃত ইউনুস আলীর ছেলে এবং পেশায় ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) হলেন তার বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতেও বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা ওই ঘর থেকে শব্দ শুনতে পান। পরে অন্ধকার ঘরে গিয়ে তারা আব্দুল বাছেদ মিয়াকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করা অবস্থায় দেখতে পান। এরপর শাকিল তাকে ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তার মা সখিনা বেগম ও ভাই রাশেদ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালায় সে। ফলে তারা আহত হন।

পরে স্থানীয়রা ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করে।

নিহতের মেয়ে হাফসা বেগম বলেন, "আমরা তার মৃত্যুদণ্ড চাই। তা না পারলে আমাদের কাছে দেন, আমরা বিচার করব। আমার বাবারে মাইরা ফেলছে, এত ভালো মানুষটা। সে আমাদের সবাইকে মারতে চায়। আমরা ভয়ে আছি। আমরা তার ফাঁসি চাই।"

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, "ছেলের হাতে বাবা হত্যা হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। পাঁচ মাস আগে সে জামিনে বের হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আনা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


ঢাকায় আনা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনায় পড়েছে, যখন তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাচ্ছিলেন। দুর্ঘটনার ফলে প্রতিমন্ত্রী এবং তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হয়েছেন। একই সাথে, দুর্ঘটনায় আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৬০) নামে এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত ফিরোজা বেগম ছিলেন শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তার সহধর্মিণী সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনার ফলে প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার এবং বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিয়া ৮ হাজার মুসলিম হত্যাকারী ‘বসনিয়ার কসাই’ ম্লাদিককে সামরিক মর্যাদা দিলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


সার্বিয়া ৮ হাজার মুসলিম হত্যাকারী ‘বসনিয়ার কসাই’ ম্লাদিককে সামরিক মর্যাদা দিলো

সার্বিয়া বসনিয়ার মুসলিমদের ওপর গণহত্যা চালানো যুদ্ধাপরাধী জেনারেল রাতকো ম্লাদিককে সামরিক মর্যাদা প্রদান করেছে। এই যুদ্ধাপরাধী ৮৪ বছর বয়সে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি কারা হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতকো ম্লাদিকের মরদেহ নেদারল্যান্ডসের হেগ থেকে সার্বিয়াতে পৌঁছায়। বসনিয়ার কসাইখ্যাত এই যুদ্ধাপরাধীর কফিনটি সার্বিয়ার পতাকায় মোড়ানো ছিল। তার মরদেহ বহন করেন ছয়জন সেনা, এবং সঙ্গে ছিলেন তার ছেলে ও বিচারমন্ত্রী নেনান্দ ভুজিক।

পুলিশের স্কর্টে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। যুদ্ধাপরাধীর মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে, যাতে তার মৃত্যুর কারণ জানা যায়। এরপর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত সপ্তাহে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক জানিয়েছিলেন যে, দণ্ডপ্রাপ্ত এই যুদ্ধাপরাধীকে রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হবে।

১৯৯২-৯৫ সালের বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধে রাতকো ম্লাদিক আট হাজার মুসলিমকে হত্যায় নেতৃত্ব দেন। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়া সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা মন্তব্য করেছে, "তার মতো একজন অপরাধীর স্থান ইউরোপে নেই এবং এসব অপরাধেরও কোনো স্থান নেই।"

১৯৯৫ সালে জাতিসংঘের নির্ধারণ করা ‘সেফ এরিয়া’-তে আট হাজার মুসলিম হত্যার নেতৃত্ব দেন রাতকো ম্লাদিক; যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে ঘটে যাওয়া সবচেয়ে বড় নৃশংস হত্যার ঘটনা। তার নির্দেশে মুসলিম পুরুষ ও বালকদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।

ভয়াবহ ওই গণহত্যার পর রাতকো ম্লাদিকের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১১ সালের মে মাসে সার্বিয়ার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে দেওয়া হয়।

২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাতকো ম্লাদিক, কিন্তু আদালত তা খারিজ করে দেয়।

২০১৭ সালে দেওয়া রায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত এই জেনারেলের হত্যাকাণ্ডকে ‘মানবজাতির জঘন্যতম অপরাধগুলোর মধ্যে অন্যতম অপরাধ’ হিসেবে অভিহিত করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%