০৮:৪১ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১৫টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিন দেওয়া হয়েছে ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যন্ত্রের মাধ্যমে রক্তের বিভিন্ন পরীক্ষা দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে, এতে রোগ নির্ণয়ের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীদের সময় ও দুর্ভোগও কমবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এসব চিকিৎসা সরঞ্জাম সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড সম্পূর্ণ বিনামূল্যে ১৫টি 'মিস্পা এইচএক্স৫৮' অটোমেটিক ফাইভ-পার্ট হেমাটোলজি অ্যানালাইজার উইথ অটোলোডার মেশিন অনুদান দিয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সরকারি ক্রয় প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য খাতে নতুন গতি আসছে এবং খুব শিগগিরই নতুন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রায় ৬৯ হাজার কোটি টাকার স্বাস্থ্য বাজেট মানুষদের চিকিৎসাসেবা উন্নয়নে ব্যয় করা হবে। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মন্ত্রী আরও বলেন, আমরা একদিনও সময় নষ্ট করতে চাই না কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমাদের জবাবদিহি করতে হয়, তাই সবসময় প্রস্তুত থাকতে হবে।
ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান গোলাম দস্তগীর তৌহিদ জানিয়েছেন, সঠিক রোগনির্ণয় উন্নত চিকিৎসার পূর্বশর্ত। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে সরকারের অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত। তিনি বলেন, 'মিস্পা এইচএক্স৫৮' বিশ্বের মানসম্পন্ন স্বয়ংক্রিয় হেমাটোলজি অ্যানালাইজার, যা দ্রুত ও নির্ভুলভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম।
অনুষ্ঠানে জানানো হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে আধুনিক রোগনির্ণয় ব্যবস্থা শক্তিশালী করতে, দ্রুত ও নির্ভুল সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই এসব মেশিন সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তির হেমাটোলজি অ্যানালাইজার প্রতি ঘণ্টায় প্রায় ৮০টি রক্ত পরীক্ষা করতে সক্ষম। এতে রোগ নির্ণয়ের মান আরও উন্নত হবে, চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ হবে এবং রোগীদের সেবার জন্য অপেক্ষার সময়ও কম হবে। পাশাপাশি প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে যন্ত্রগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিএমএসডির পরিচালক (যুগ্ম সচিব) ড. শফিউর রহমান, ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মমিত ফয়সাল, সিএমএসডির উপপরিচালক, চিকিৎসাবিজ্ঞানী এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন