০৮:৪৯ পি.এম
রাজধানী ঢাকা এবং দেশের ১২৮টি স্থানে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। এই মহোৎসবের উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীর স্বামীবাগ আশ্রমে একটি বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে। উল্টো রথযাত্রার মাধ্যমে ২৪ জুলাই এ মহোৎসবের সমাপ্তি ঘটবে।
সোমবার, রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী। তিনি এ সময় জানান, অনুষ্ঠানে ১৬ জুলাই সকাল ৮টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে, যা বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় নিবেদিত। এরপর দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হবে একটি বর্ণাঢ্য রথযাত্রা, যা বিভিন্ন জায়গা অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওড়িশার পুরীর রথযাত্রার পর ঢাকায় ইসকনের এই আয়োজন একটি বৃহৎ রথযাত্রা হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ইসকন বাংলাদেশ থেকে জানা যায়, জগন্নাথদেবের রথযাত্রার মূল বার্তা হচ্ছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং বৈষম্যহীন সমাজ গঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছে। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে সংগঠনটির বিশ্বাস।
উৎসব উপলক্ষে নিরাপত্তা সম্পর্কে আয়োজকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পরিবেশ তৈরি করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী বিমলা প্রসাদ দাস, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস এবং শ্রী শুভ নিতাই দাস।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন