মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৪ পি.এম
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিশালী কন্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল কর্তৃক সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর, বাদ মাগরিব কাপাসিয়া ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শুরুর আগে তাজউদ্দীন আহমদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব হারুনুর রশিদ, যুবদল নেতা মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুল ইসলাম জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নেতৃবৃন্দ এ সময় বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি ছিলেন জুলাই বিজয়ের বিপ্লবী নেতা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করতেন। তাঁর বিপ্লবী কন্ঠ কোটি মানুষের মধ্যে উজ্জীবন সঞ্চার করেছে। হাদির মৃত্যুকে শক্তিতে রূপান্তরিত করে যুব-তরুণ সমাজ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।
তিনি শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ হাদির মরদেহ দেখতে যান।
জামায়াতের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে আসেন। এরপর তিনি শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে যান।
এ সময়, ডা. শফিকুর রহমান শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। পরে তিনি সবাইকে নিয়ে মাগফিরাত কামনা এবং দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ আরও অনেকে।
এদিকে, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাষ্ট্রীয় শোক ও সামগ্রিক পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো আয়োজন অনুষ্ঠিত হবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণের প্রেক্ষাপটে ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী গণমাধ্যমকে জানান, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।” তিনি আরও জানান, শোক দিবস একদিনের হলেও পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এই সিদ্ধান্তের ফলে চলমান ও আসন্ন সাংস্কৃতিক আয়োজনগুলোর ওপরও প্রভাব পড়েছে। নাট্যদল অবলোকনের নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’-এর উদ্বোধনী প্রদর্শনী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তবে শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত দ্বিতীয় প্রদর্শনীটি আর মঞ্চস্থ করা সম্ভব হয়নি, কারণ মিলনায়তনের বরাদ্দ স্থগিত করা হয়।
নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, “দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।” একই সঙ্গে অবলোকনের ফেসবুক পেজে জানানো হয়, ১৯ ডিসেম্বর শুক্রবারের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে এবং যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিল্পকলা একাডেমির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, ভাঙচুর করা হয় ছায়ানটেও।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ থাকায় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, পরবর্তী নির্দেশনা পেলেই নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্বশান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে সুদানে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে এসে পৌঁছেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এই বীর সেনারা দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে মাতৃভূমিতে নিথর দেহে ফিরেছেন। তাদের জানাজা ও দাফনের প্রস্তুতি রাষ্ট্রীয় মর্যাদায় নেওয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল সোয়া ১১টার কিছু আগে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়োজাহাজটি যাত্রা শুরু করে।
এই মর্মান্তিক ঘটনার পেছনের প্রেক্ষাপট অত্যন্ত বেদনাবিধুর। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আকস্মিক ড্রোন হামলা চালায়। স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে পরিচালিত এই হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী।
নিহত ছয় বীর শান্তিরক্ষী হলেন করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)। তাদের মরদেহ দেশে ফেরার সময় বিমানবন্দরে শোকের আবহ নেমে আসে।
হামলায় আহত আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আহতদের দ্রুত নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত অবস্থায় আছেন। আহতদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। অন্যদের মধ্যে একজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, আহতদের শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এই ধরনের হামলা আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
১৯৮৮ সালে মাত্র ১৫ সদস্য নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১১৯টি দেশের মধ্যে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। তবে এই দীর্ঘ পথচলায় ত্যাগের ইতিহাসও কম নয়। এ পর্যন্ত জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর মোট ১৬৮ জন সদস্য বিশ্বশান্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। সুদানের আবেই এলাকায় ঝরে যাওয়া এই ছয়টি প্রাণ সেই ত্যাগের তালিকায় নতুন করে যুক্ত হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউয়ে হাদির জানাজায় অংশ নিতে জনতা ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছেন, এমনটি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান। একের পর এক মিছিল এবং স্লোগানে তারা মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছেন। এ সময় অনেকের বুকে লেখা দেখা যাচ্ছে ‘আমরা সবাই হাদি’।
শনিবার সকালে মিছিল থেকে স্লোগান শোনা যাচ্ছে, যেমন ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি।
এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীও টহল দিচ্ছে।
বিপুল সংখ্যক পুলিশ, র্যার এবং আনসার মোতায়েন করা হয়েছে। বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে।
গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন উচ্চপর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ