প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রীয় শোক ও সামগ্রিক পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো আয়োজন অনুষ্ঠিত হবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণের প্রেক্ষাপটে ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী গণমাধ্যমকে জানান, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।” তিনি আরও জানান, শোক দিবস একদিনের হলেও পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এই সিদ্ধান্তের ফলে চলমান ও আসন্ন সাংস্কৃতিক আয়োজনগুলোর ওপরও প্রভাব পড়েছে। নাট্যদল অবলোকনের নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’-এর উদ্বোধনী প্রদর্শনী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তবে শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত দ্বিতীয় প্রদর্শনীটি আর মঞ্চস্থ করা সম্ভব হয়নি, কারণ মিলনায়তনের বরাদ্দ স্থগিত করা হয়।
নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, “দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।” একই সঙ্গে অবলোকনের ফেসবুক পেজে জানানো হয়, ১৯ ডিসেম্বর শুক্রবারের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে এবং যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিল্পকলা একাডেমির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, ভাঙচুর করা হয় ছায়ানটেও।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ থাকায় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, পরবর্তী নির্দেশনা পেলেই নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন