বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:০৭ পি.এম
রাতে পানিতে ভিজিয়ে রাখা কিশমিশের পানি পরদিন সকালে খালি পেটে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পানিতে ভিজানোর মাধ্যমে কিশমিশের বিভিন্ন পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দ্বারা সহজে শোষিত হতে পারে।
নিয়মিত কিশমিশের পানি পানের অসাধারণ ১০টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানুন:
১. হজমশক্তি উন্নত করে: কিশমিশে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার বা আঁশ বিদ্যমান, যা নিয়মিত মলত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কিশমিশ ভিজিয়ে রাখার ফলে এর ফাইবার নরম হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়া আরও সহজ হয়।
নিয়মিত এই পানি পান করলে পেট পরিষ্কার থাকে এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা কমে যায়।
২. শরীর ও লিভার ডিটক্সিফিকেশন: কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক উপাদান ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে, ফলে লিভার পরিষ্কার থাকে। পাশাপাশি, পর্যাপ্ত হাইড্রেশন কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীর চনমনে ও সতেজ থাকে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কিশমিশে ভিটামিন সি, বি-কমপ্লেক্স এবং ফিনলিক যৌগের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে সর্দি-কাশি বা বিভিন্ন ইনফেকশন সহজে শরীরকে আক্রান্ত করতে পারে না।
৪. হৃদযন্ত্র সুস্থ রাখে: কিশমিশে উচ্চ পটাশিয়াম উপস্থিত থাকে, যা শরীরের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রেখে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। এছাড়া এর ফাইবার ও পলিফেনল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
৫. রক্তস্বল্পতা দূর করে: রক্তে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকা তৈরিতে আয়রনের গুরুত্ব অপরিসীম। কিশমিশের ভেজানো পানি আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে। ফলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধের পাশাপাশি শরীরে শক্তি বৃদ্ধি পায়।
৬. হাড়ের শক্তি বাড়ায়: কিশমিশে ক্যালসিয়াম ও বোরন নামক খনিজ রয়েছে, যা হাড়ের স্বাস্থ্য ও শক্তিমত্তা বজায় রাখতে সহায়তা করে। পানি ভিজিয়ে খাওয়ার ফলে এই খনিজগুলো শরীর আরও ভালোভাবে গ্রহণ করতে পারে, যা ভবিষ্যতে অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় রোধে সহায়ক।
৭. ত্বকের উজ্জ্বলতা ফেরায়: কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে কার্যকর। এছাড়া এতে থাকা ভিটামিন এ এবং ই ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
৮. শক্তি জোগায় ও ক্লান্তি দূর করে: ফ্রুক্টোজ ও গ্লুকোজের প্রাকৃতিক উৎস হিসেবে কিশমিশ শরীরে দ্রুত এনার্জি প্রদান করে। এর মধ্যে থাকা ভিটামিন ও খনিজ সামগ্রিক ক্লান্তি দূর করে এবং সারাদিন শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করে।
৯. ওজন নিয়ন্ত্রণে সহায়ক: কিশমিশে উপস্থিত ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এটি শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ না করিয়ে প্রাকৃতিক উপায়ে শক্তি প্রদান করে, যা ওজন নিয়ন্ত্রণে কার্যকর।
১০. মুখের স্বাস্থ্য ভালো রাখে: কিশমিশে কিছু বিশেষ ফাইটোকেমিক্যাল রয়েছে, যা দাঁতের ক্যাভিটি এবং মাড়ির রোগ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সহায়তা করে। নিয়মিত এই পানি পানের ফলে মুখের ভেতরের স্বাস্থ্য ভালো থাকে।
সূত্র: এনডিটিভি লাইফলাইন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে মাছের খামারে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার কারণে শেখ নজরুল ইসলাম (৪৭) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
আহত শেখ নজরুল ইসলাম শিলমুন এলাকার মৃত সিরাজুল হক বাচ্চু মিয়ার পুত্র। তিনি গাজীপুর মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে নজরুল ইসলাম নিজের মাছের খামার দেখাশোনা করতে যান। সেখানে তিনি কয়েকজনকে মাদক সেবন ও বিক্রি করতে দেখতে পান এবং বাধা দেন। এতে স্থানীয় শুভ ও সোহানসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলার এক পর্যায়ে নজরুল ইসলামের কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
নজরুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালী, ২২ অক্টোবর, ২০২৬ : আগামীকাল কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভাল ২০২৬’, যা দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিচ ফুটবল, ক্রিকেট, ম্যারাথন, ঘুড়ি ও পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান এবং চরাঞ্চল ভ্রমণের আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা কুয়াকাটা সৈকতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের প্রত্যাশা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান জানান, টানা ছুটি ও কার্নিভাল মিলিয়ে এবারের আয়োজনে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে সৈকতজুড়ে নানা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, এবারের আয়োজনে গতানুগতিকতার বাইরে বেশ কিছু নতুন আকর্ষণ যুক্ত করা হয়েছে। বিনোদন, খেলাধুলা, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন অভিজ্ঞতার সমন্বয়ে দর্শনার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে।
কার্নিভালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের অংশগ্রহণের পাশাপাশি নান্দনিক স্টল ও ফটো বুথ থাকবে। বিউটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। এতে উৎসবের বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক আয়োজন আরও বৈচিত্র্যময় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় ঐতিহ্যকে পর্যটকদের সামনে তুলে ধরার লক্ষ্য এবারের কার্নিভালের অন্যতম উদ্দেশ্য। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতার জন্য পরিচিত এ সমুদ্রসৈকতের পাশাপাশি লেম্বুর বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, রাখাইন পল্লি ও বৌদ্ধ মন্দির পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। দর্শনার্থীরা স্থানীয় খাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাবেন।
কার্নিভালে বিচ ফুটবল ও বিচ ক্রিকেটের মতো ক্রীড়া আয়োজনের পাশাপাশি বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব এবং পিঠা উৎসবও অনুষ্ঠিত হবে। ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবকে আরও প্রাণবন্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া চরাঞ্চল ভ্রমণের আয়োজন পর্যটকদের সমুদ্রসৈকতের বাইরের প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় জীবনধারা সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, দীর্ঘ বিরতির পর আয়োজিত এ কার্নিভাল কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুন করে তুলে ধরবে। পর্যটকের সংখ্যা বাড়লে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও স্থানীয় পণ্য বিক্রিসহ সংশ্লিষ্ট ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
আয়োজকদের প্রত্যাশা, প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় ঐতিহ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬ পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে এবং দেশের পর্যটন খাতের বিকাশে ভূমিকা রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সরদার মোহাম্মদ মুরাদ এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম (সাইফ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
এ কমিটির অনুমোদন প্রদান করেন এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম ভুইয়া এবং সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমান।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম এমদাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. ইলিয়াশ হোসেন, মুখ্য সংগঠক হিসেবে আছেন আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আবু জাফর খালিদ, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সালমান আসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মো. পাবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নাজিম আহম্মেদ এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে নারগীস আক্তার দায়িত্ব পালন করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুর, ২২ অক্টোবর, ২০২৬ : জেলার শ্রীবরদির সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, শ্রীবরদি উপজেলার মারিংপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ৬৫ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ