বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:০৯ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সরদার মোহাম্মদ মুরাদ এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম (সাইফ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
এ কমিটির অনুমোদন প্রদান করেন এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম ভুইয়া এবং সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমান।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম এমদাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. ইলিয়াশ হোসেন, মুখ্য সংগঠক হিসেবে আছেন আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আবু জাফর খালিদ, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সালমান আসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মো. পাবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নাজিম আহম্মেদ এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে নারগীস আক্তার দায়িত্ব পালন করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুর, ২২ অক্টোবর, ২০২৬ : জেলার শ্রীবরদির সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, শ্রীবরদি উপজেলার মারিংপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ৬৫ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতির সিদ্ধান্তের প্রেক্ষাপটে স্বর্ণের বাজারে এই দরপতন লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৮১ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৭ ডলার ৯০ সেন্টে নেমে এসেছে।
এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী মন্তব্য করেন, "জ্বালানি বাজারে এখনো ব্যাপক অনিশ্চয়তা থাকায় স্বর্ণের দাম আরও কমতে পারে।"
বৃহস্পতিবার সৌদি আরবে হুথি গোষ্ঠীর নতুন হামলার পর সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়ে গেছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বৃদ্ধি পেলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে মূল্যস্ফীতির চাপ বাড়ার সঙ্গে সুদের হার বৃদ্ধির আশঙ্কাও স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ভোক্তা ও উৎপাদক মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি ছিল। জ্বালানি ব্যয় বেড়ে যাওয়াই এর অন্যতম কারণ। এতে কঠোর মুদ্রানীতির পক্ষে যুক্তি আরও জোরালো হয়েছে।
তবে আগামী ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকে ফেড সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে পারে বলে অর্থনীতিবিদদের অধিকাংশের ধারণা।
গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে ফেড সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। এতে নীতিনির্ধারণী সুদের হারের সর্বোচ্চ সীমা বেড়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশে পৌঁছাতে পারে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯১ শতাংশ ধরে নিচ্ছেন বাজারের লেনদেনকারীরা।
এদিকে, আগামী ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের গুরুত্বপূর্ণ এই সূচকের দিকে নজর রাখছে ফেড। এই তথ্য সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, "পিসিইর তথ্য ফেডের কাছে মূল্যবৃদ্ধির হার উদ্বেগজনকভাবে বেশি থাকার ইঙ্গিত দিতে পারে।" এতে ফেডের কর্মকর্তারা কঠোর মুদ্রানীতির পক্ষে অবস্থান নিতে পারেন, যা স্বর্ণের দামের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫ ডলার ৮৬ সেন্টে নেমেছে।
প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৮৬ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে, যা ২০২৬ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।
অন্যদিকে, প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫২ ডলারে নেমেছে। এর আগে ধাতুটির দাম ২০২৫ সালের জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফ্রান্সে চলমান সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতাকে অভিবাসনের সঙ্গে যুক্ত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি একে 'বাজে বকবক' বা বোকামি হিসেবে অভিহিত করেছেন। ফরাসি সরকার জানিয়েছে, এই সহিংসতার পেছনে কোনো বিদেশি হস্তক্ষেপ বা অভিবাসনের যোগসূত্র নেই।
সম্প্রতি ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতা ও লুটপাটে রূপ নেয়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, ইউরোপ যদি তাদের সীমান্ত বন্ধ না করে এবং অপরাধীদের বহিষ্কার না করে, তবে ইউরোপের পতন নিশ্চিত। তিনি ফ্রান্সের চলমান সংকটকে অভিবাসন নীতির ব্যর্থতা হিসেবে চিত্রিত করার চেষ্টা করেন। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ফরাসি বা ইতালির এই অস্থিরতা স্কুল বা শিক্ষার বিষয় নয়, বরং এটি অভিবাসনের ফল।
এমন মন্তব্যের জবাবে কাতার সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ স্পষ্টভাবে জানান, এই দাঙ্গার পেছনে বিদেশি হস্তক্ষেপ বা অভিবাসনের কোনো প্রমাণ নেই। তিনি উল্লেখ করেন, অনেক বিদেশি নেতার এমন মন্তব্য সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছু নয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরাও ট্রাম্পের এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বলে অভিহিত করেছেন।
বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মেরুকরণ এবং নিজেদের অভিবাসনবিরোধী নীতির পক্ষে জনমত তৈরি করতেই ট্রাম্প ইউরোপের এই সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলেও, নিরাপত্তাব্যবস্থার উন্নতি ঘটেনি। পর্যাপ্ত লাইফগার্ড ও নজরদারির অভাবের কারণে পর্যটকেরা চরম ঝুঁকি নিয়ে সাগরে গোসল করতে নামছেন। গত ১২ বছরে সৈকত থেকে সাগরে নেমে ভেসে যাওয়ার সময় অন্তত ৮৪ জন পর্যটক প্রাণ হারিয়েছেন।
টানা ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর মধ্যে সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটক সমাগম হয়েছে। লাইফগার্ডদের হিসাব অনুযায়ী, সেখানে লাখেরও বেশি পর্যটক সাগরে নামছেন। অথচ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র আটজন লাইফগার্ড। এর মানে হলো, প্রতি ১২ হাজার ৫০০ পর্যটকের জন্য একজন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন।
সী সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে সাগরে নেমে ভেসে যাওয়া ১ হাজার ২০০ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ সময়ে প্রাণ হারিয়েছেন ৮৪ জন।
ঝুঁকিতে পর্যটকদের চাপ সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে। অন্যান্য পয়েন্টেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে পর্যটকদের অভিযোগ, সমুদ্রস্নানের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়সংখ্যক লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী নেই। কিছু এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা চোখে পড়ে না।
সী সেফ লাইফগার্ড সংস্থার জ্যেষ্ঠ কর্মী আব্দুর রশীদ মন্তব্য করেন, ‘বর্তমানে সুগন্ধা বিচে আটজন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হলেও তাদের তুলনায় লাইফগার্ডের সংখ্যা অনেক কম। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই অসুস্থ পর্যটকদের হাসপাতালে নিতে হয়। এসময় নানা প্রতিকূলতা ও মানুষের বিরূপ মন্তব্যের মুখেও পড়তে হয় আমাদের। সীমাবদ্ধতা সত্ত্বেও লাইফগার্ডরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে সরকারের এ বিষয়ে উদ্যোগ নেয়া জরুরি।’
পর্যটক রিয়াজ উদ্দিন জানান, ‘সমুদ্রে গোসল করতে নেমে অনেকের প্রাণহানি ঘটছে। অনেক ক্ষেত্রে নিখোঁজ ব্যক্তিদের মরদেহও উদ্ধার করা সম্ভব হয় না। তাই কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।’
সৈকতের বিভিন্ন স্থানে পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী না থাকার অভিযোগ জানিয়ে আরেক পর্যটক সোয়েব ইফতিখার বলেন, ‘প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকদের নিরাপত্তা দেয়া সহজ হতো। এ জন্য প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।’
পর্যটক হারুন অর রশিদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কক্সবাজারে বেড়াতে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সৈকতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি লাইফগার্ডের সংখ্যা বাড়ানো জরুরি।’
সম্প্রতি পেচারদ্বীপ সৈকতে সাগরে নেমে চার পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে লাইফগার্ড, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।
সী সেফ লাইফগার্ড সংস্থার প্রকল্প কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ জানান, ‘কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে হিমছড়ি পয়েন্টে দুই দলের কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। তাদের মধ্যে একজনকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও একজনকে সকালে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।’
পর্যটকদের সাগরে নামার আগে লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘যে স্থানে গোসল করতে নামবেন, সেখানে লাইফগার্ডের নিরাপত্তাসেবা রয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। যেখানে এ সেবা নেই, সেখানে কোনোভাবেই সাগরে নামা উচিত নয়।’
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতজুড়ে লাইফগার্ডের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
হোটেল কক্স-টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, ‘পর্যটকেরা মূলত সমুদ্রসৈকত উপভোগ করতেই কক্সবাজারে আসেন। তাই শৈবাল পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত এলাকায় লাইফগার্ডের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সৈকতে নিরাপত্তাবেষ্টনী ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকলে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। এতে কক্সবাজারের পর্যটনশিল্প সম্পর্কেও বিরূপ ধারণা তৈরি হতে পারে। তাই পর্যটকদের নির্বিঘ্নে সৈকত উপভোগের সুযোগ করে দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ