প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের টঙ্গীতে মাছের খামারে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার কারণে শেখ নজরুল ইসলাম (৪৭) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
আহত শেখ নজরুল ইসলাম শিলমুন এলাকার মৃত সিরাজুল হক বাচ্চু মিয়ার পুত্র। তিনি গাজীপুর মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে নজরুল ইসলাম নিজের মাছের খামার দেখাশোনা করতে যান। সেখানে তিনি কয়েকজনকে মাদক সেবন ও বিক্রি করতে দেখতে পান এবং বাধা দেন। এতে স্থানীয় শুভ ও সোহানসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলার এক পর্যায়ে নজরুল ইসলামের কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
নজরুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন