প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামে কিশোর মো. হৃদয় (১৬) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। এদিন বেলা ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বগাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির চার নম্বর গলির শেষ মাথায় উপর্যুপরি ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে হত্যা করা হয়। পুলিশ জানায়, স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ওই এলাকায় ৫জি ও ৭জি নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত এবং ৫জি গ্রুপের সদস্য ছিল। অপরদিকে, ৭জি গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বগাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কিশোর মো. হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে, গত ১৮ অক্টোবর চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ২৯ অক্টোবর একই আদালত বগাকে হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন