সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩১ পি.এম
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাঁশের ব্যারিকেড স্থাপন করে রাত জেগে পাহারা দিচ্ছেন।
গ্রামবাসী এবং গ্রাম পুলিশের সমন্বয়ে গঠিত এই পাহারায় সহায়তা করছে পুলিশ। পুলিশ সুপার গভীর রাতে এসব এলাকা পরিদর্শন করে পাহারাদারদের উৎসাহিত করতে বাঁশি ও টর্চলাইট উপহার দিয়েছেন।
স্থানীয়দের মতে, সম্প্রতি দুই উপজেলায় গরু চোরদের কার্যকলাপ বেড়ে গেছে। গত কয়েকদিনে কৃষকদের গোয়াল থেকে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছেন।
পাহারাদারদের বক্তব্য, চোরেরা যাতে গরু চুরি করে সহজে যানবাহনে করে নিয়ে যেতে না পারে, সেজন্য বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা এসব স্থানে চেকপোস্ট গড়ে দলবেঁধে পালাক্রমে পাহারা দিচ্ছেন। রাতের বেলায় এসব পোস্ট থেকে সন্দেহজনক যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ সুপারের উদ্যোগে বাঁশকল চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, থানায় সীমিত সংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের ১২টি পয়েন্টে বাঁশের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে দেওয়া পাহারায় থানা পুলিশ সহায়তা করছে।
এই পদ্ধতির কারণে গরু চুরির ঘটনা কমে গেছে বলে তিনি দাবি করেন।
এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার পাহারা কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
তিনি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পাহারা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরতদের বাঁশি ও টর্চলাইট উপহার দেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে স্থাপিত এসব চেকপোস্টে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতি রাতে পাহারা ও নজরদারি করছেন। আশা করা হচ্ছে এতে অপরাধ কমে আসবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা ও তার তিন বছরের মেয়ে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রুজুকা বেগম (৩০) এবং তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে। নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর কন্যা এবং মনির হোসেনের স্ত্রী। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া বসবাস করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১টা থেকে ২টার মধ্যে অজ্ঞাত গাড়িটি ওই মহাসড়কে মা-মেয়েকে ধাক্কা দেয়, যার ফলে তারা গুরুতর আহত হন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছান এবং আহত দুজনকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। এসময় শিশু ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। বর্তমানে মা ও মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। ভারত ৮ উইকেটের জয় পেয়েছে তার দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে। ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার এক ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন। তিনি সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদের কীর্তি পেছনে ফেলেছেন।
কোহলি ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়ে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। শুভমান গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫১ রানের জুটি গড়েন। তার ব্যাটিং নৈপুণ্যে ভারত সহজ জয় অর্জন করেছে এবং রেকর্ডের পাতায় নতুন করে জায়গা করে নিয়েছেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে কোহলি সুনীল গাভাস্কারের পাশে বসেছেন। গাভাস্কার ক্যারিবীয়দের বিপক্ষে ৩৮ ম্যাচে ১৩টি সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে, কোহলি ৭৪ ম্যাচে সমানসংখ্যক সেঞ্চুরি পূর্ণ করেছেন।
নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির নিজের রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে তার সেঞ্চুরি ১০টি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০টি সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি। কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে দুটি ভিন্ন দলের বিপক্ষে ওয়ানডেতে ১০টি করে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন।
ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। এই কীর্তি গড়তে তার লেগেছে ৩০৩ ইনিংস। শচীন টেন্ডুলকারের ৩৭৭ ইনিংসে ১৫ হাজার রান পূর্ণ করার রেকর্ডকে তিনি পেছনে ফেলেছেন। এই মাইলফলক স্পর্শ করা কোহলি দ্বিতীয় ব্যাটার, তবে সবচেয়ে দ্রুততম।
কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার তৃতীয় দ্রুততম শতক। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়পুরে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন, যা তার দ্রুততম। একই বছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৬১ বলে শতক পূর্ণ করেন।
ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি। ভারতের মাটিতে ১৩১ ম্যাচে ৬৩.৬৯ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬ রান। এর মাধ্যমে শচীন টেন্ডুলকারের ৬ হাজার ৯৭৬ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। ৩৫১ ম্যাচে তার সেঞ্চুরি ৬০টি। এই তালিকায় ৪৪টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। ৩৯টি সেঞ্চুরি নিয়ে পরের অবস্থানে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
ওয়ানডে ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ইনিংসে ৯টি ছক্কা হাঁকান, যা তার ওয়ানডে ক্যারিয়ারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে থিরুবনন্তপুরমে এক ইনিংসে ৮টি ছক্কা মেরেছিলেন।
রান তাড়া করতে নেমে কোহলি নিজের ২৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই তালিকায় তার ধারেকাছেও নেই অন্য কেউ। রান তাড়ায় শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি ১৪টি। ফলে এই রেকর্ডে শচীনের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন কোহলি।
এক ইনিংসে সেঞ্চুরি, একাধিক মাইলফলক এবং রেকর্ডের পর রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির এই পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে তিনি কেন অন্যতম আলোচিত ব্যাটার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের জন্য শিক্ষার্থীদের আন্দোলন সপ্তম দিনে প্রবাহিত হয়েছে। আন্দোলনের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা অব্যাহত রয়েছে। সপ্তম দিনেও নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়নি। ল্যাব, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ এসব একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এর ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলনে চুয়েটের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও এর প্রভাব পড়ছে।
আজ আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ক্রিকেট পিচ তৈরি করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের আয়োজনে ‘৫৬ বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হচ্ছে। আন্দোলনের মধ্যে প্রধান ফটকেই ক্রিকেট খেলায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।
আজকের কর্মসূচির অংশ হিসেবে একটি শ্বেতশাড়িতে অধ্যাপক ড. সায়েমের সফল কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার গণসাক্ষ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলেরও কর্মসূচি রয়েছে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনের আয়োজন রয়েছে।
এদিকে আন্দোলনের কারণে চুয়েটের শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে আছে। উপাচার্য ভবনের দরজাতেও তালা ঝুলছে। সেখানে টাঙানো একটি নোটে লেখা রয়েছে, ‘এই তালা শুধুমাত্র সায়েম স্যার খুলতে পারবেন।’
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতেও আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছিলেন। মধ্যরাতের নীরবতা ভেঙে কেউ কার্ড খেলায় মেতে ছিলেন, কেউ গিটারে সুর তুলছিলেন। কারও চোখ ছিল ল্যাপটপের পর্দায়—সেখানে চলছিল অনলাইন ফুটবল গেম। কেউ খেলছিলেন ই-ফুটবল, কেউ ফিফা। আবার প্রধান ফটকের সামনের রাস্তায় ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন আরও কয়েকজন শিক্ষার্থী।
নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতে এভাবেই রাতভর প্রধান ফটকে পাহারা দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে রাতের সময়টিও নিজেদের মতো করে নানা আয়োজনে কাটাচ্ছেন তারা।
এর আগে রোববার দিনভরও বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রায় অংশ নিতে চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। তাদের হাতে ছিল ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড। সেখান থেকে প্রশ্নযাত্রা বের হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
প্রশ্নযাত্রা শেষে অনুষ্ঠিত হয় ‘৫৬ কর্ণার’। সেখানে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সময়ে চুয়েটের আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে পথনাট্যের মাধ্যমে মাত্র ৫৬ দিনের দায়িত্ব পালনের পর উপাচার্য পরিবর্তন, নতুন উপাচার্যের অনলাইনে যোগদান এবং আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।
এর আগে আন্দোলনের ধারাবাহিকতায় গণস্বাক্ষর, মানববন্ধন, অবস্থান ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি তারা উপাচার্য ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে ২০২২ সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়া একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একটি সিরিজ খেলেছে।
নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মালয়েশিয়া ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়।
দুই পয়েন্ট নিয়ে হংকং গ্রুপ রানার্সআপ হয়েছে। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি জায়গা নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়। এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে নেপাল। বাদ পড়ে জাপান।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল।
আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত মধ্যকার টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে পাকিস্তান ও ভারত।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, "বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।"
পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন লিটন। তিনি বলেন, "দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।"
অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, "আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।"
এছাড়া নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ