সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে ২০২২ সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়া একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একটি সিরিজ খেলেছে।
নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মালয়েশিয়া ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়।
দুই পয়েন্ট নিয়ে হংকং গ্রুপ রানার্সআপ হয়েছে। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি জায়গা নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়। এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে নেপাল। বাদ পড়ে জাপান।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল।
আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত মধ্যকার টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে পাকিস্তান ও ভারত।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, "বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।"
পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন লিটন। তিনি বলেন, "দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।"
অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, "আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।"
এছাড়া নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তান কর্তৃক আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রদান না করার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ফ্লাইট পারমিশন না পাওয়ার কারণে নির্ধারিত চালানের আগমন আটকে যায়।
এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম টেলিফোনে এএনআইকে জানান, "আমরা জানতে পেরেছি, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো উড়োজাহাজ ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল। তবে ফ্লাইটটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছায়নি।"
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এএনআইকে জানান, বিমানবন্দরের সব প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আকাশসীমা খালি না থাকার কথা জানান। ফলে সূচি পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়েছে। তবে কোন দেশ আকাশসীমা ব্যবহারে বাধা দিয়েছে তা নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।
রাশিয়া চালানের অনুমতি না পাওয়ায় বিকল্প নতুন রুটে পারমাণবিক জ্বালানি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে তথ্যের জন্য রোসাটমের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পায়নি এএনআই।
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া সরকারের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে দুটি ৩য় প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর থাকছে, যা থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
গত এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পথ তৈরি হয়।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে রোসাটমের নভোসিবির্স্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে তৈরি প্রথম ইউনিটের জন্য ১৬৪টি ফ্রেশ ফুয়েল অ্যাসেম্বলি সমন্বিত লঘুকৃত ইউরেনিয়াম সরাসরি কার্গো বিমানে ঢাকায় আনা হয়। পরবর্তীতে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ পাহারায় সুরক্ষিত গ্রিন করিডোর দিয়ে পাবনার ঈশ্বরদী প্রকল্প এলাকায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে মালয়েশিয়ার কাছে হার দিয়ে। এখন সিঙ্গাপুরের বিরুদ্ধে টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য বাংলাদেশের কোচ থমাস ডুলি একাদশে একাধিক পরিবর্তন করেছেন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে ফিরেছেন। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখা হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন কোচ ডুলি।
ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুকি ইতোফুসা সুযোগ পেয়েছেন, যিনি ইংল্যান্ডে খেলে থাকেন। এছাড়া, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ।
গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কিছু ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে এসেছে। তবুও, কোচ ডুলি তার ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে আজকের দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত হয়েছিল।
ম্যাচের সময় ও সম্প্রচার
ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর
সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস
বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এসিআই পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ নির্দিষ্ট ঠিকানা ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (তবে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় ও সামগ্রিক বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, সেরা পারফর্মারদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে ভ্রূণে ছড়িয়ে পড়া নির্দিষ্ট কিছু সংক্রমণ শিশুর পরবর্তী জীবনে অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। নতুন একটি গবেষণায় দেখা গেছে, জন্মগত এসব সংক্রমণে আক্রান্ত শিশুদের অটিজমের ঝুঁকি প্রায় তিনগুণ এবং বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি সাতগুণেরও বেশি হতে পারে।
গবেষণায় সিফিলিস, রুবেলা, টক্সোপ্লাসমোসিস, সাইটোমেগোভাইরাস (সিএমভি) ও হার্পিসভাইরাসের মতো জন্মগত সংক্রমণের দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এসব সংক্রমণ সম্মিলিতভাবে টর্চ সংক্রমণ নামে পরিচিত।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ১৯৮৭ থেকে ২০২১ সালের মধ্যে জন্ম নেওয়া প্রায় ৩৭ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের মধ্যে ৯৭৫ জনের জন্মগত টর্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল। গবেষকেরা প্রায় তিন দশক ধরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও শিক্ষাজীবনের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করেন।
গবেষণার ফলাফলে দেখা যায়, জন্মগত টর্চ সংক্রমণে আক্রান্ত শিশুদের মধ্যে অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। গবেষকদের ধারণা, গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু জীবাণু ভ্রূণের শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে।
শিশুদের শিক্ষাজীবনেও এসব সংক্রমণের প্রভাবের ইঙ্গিত পেয়েছেন গবেষকেরা। গবেষণায় সংক্রমণে আক্রান্ত এমন কিছু শিশুর বিদ্যালয়ের ফলাফল খারাপ হওয়ার বিষয়টি উঠে এসেছে, যাদের অটিজম বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা শনাক্ত হয়নি।
গবেষকদের মতে, জন্মগত টর্চ সংক্রমণ তুলনামূলকভাবে বিরল হলেও এর সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাইটোমেগালোভাইরাস নবজাতকদের মধ্যে উল্লেখযোগ্য হারে দেখা যায়। বিশ্বজুড়ে এই সংক্রমণের প্রকোপ অঞ্চলভেদে ভিন্ন এবং কিছু স্বল্প ও মধ্যম আয়ের দেশে এর বোঝা বেশি হতে পারে।
গর্ভাবস্থায় সংক্রমণের ঝুঁকি কমাতে টিকাদান, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। রুবেলার মতো টিকা-প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে গর্ভধারণের আগে টিকাদান বিশেষ গুরুত্বপূর্ণ। তবে সব টিকা গর্ভাবস্থায় দেওয়া যায় না তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা গ্রহণ করা প্রয়োজন।
এ ছাড়া জন্মগত সংক্রমণ শনাক্ত করার কার্যকর পদ্ধতি উন্নত করা এবং প্রয়োজন অনুযায়ী নবজাতকদের পরীক্ষা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, কিছু সংক্রমণে আক্রান্ত মা বা নবজাতকের কোনো স্পষ্ট উপসর্গ নাও থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, গবেষণার ফলাফল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ালেও জন্মগত সংক্রমণে আক্রান্ত সব শিশুর অটিজম বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা হবে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ব্যক্তিভেদে ঝুঁকি ভিন্ন হতে পারে। তাই গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসাসেবা, সংক্রমণ প্রতিরোধ এবং সময়মতো রোগ শনাক্ত করাই গুরুত্বপূর্ণ।
সূত্র: ইউরো নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ