প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে ২০২২ সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়া একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একটি সিরিজ খেলেছে।
নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মালয়েশিয়া ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়।
দুই পয়েন্ট নিয়ে হংকং গ্রুপ রানার্সআপ হয়েছে। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি জায়গা নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়। এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে নেপাল। বাদ পড়ে জাপান।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল।
আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত মধ্যকার টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে পাকিস্তান ও ভারত।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, "বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।"
পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন লিটন। তিনি বলেন, "দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।"
অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, "আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।"
এছাড়া নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন