প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাঁশের ব্যারিকেড স্থাপন করে রাত জেগে পাহারা দিচ্ছেন।
গ্রামবাসী এবং গ্রাম পুলিশের সমন্বয়ে গঠিত এই পাহারায় সহায়তা করছে পুলিশ। পুলিশ সুপার গভীর রাতে এসব এলাকা পরিদর্শন করে পাহারাদারদের উৎসাহিত করতে বাঁশি ও টর্চলাইট উপহার দিয়েছেন।
স্থানীয়দের মতে, সম্প্রতি দুই উপজেলায় গরু চোরদের কার্যকলাপ বেড়ে গেছে। গত কয়েকদিনে কৃষকদের গোয়াল থেকে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছেন।
পাহারাদারদের বক্তব্য, চোরেরা যাতে গরু চুরি করে সহজে যানবাহনে করে নিয়ে যেতে না পারে, সেজন্য বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা এসব স্থানে চেকপোস্ট গড়ে দলবেঁধে পালাক্রমে পাহারা দিচ্ছেন। রাতের বেলায় এসব পোস্ট থেকে সন্দেহজনক যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ সুপারের উদ্যোগে বাঁশকল চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, থানায় সীমিত সংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের ১২টি পয়েন্টে বাঁশের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে দেওয়া পাহারায় থানা পুলিশ সহায়তা করছে।
এই পদ্ধতির কারণে গরু চুরির ঘটনা কমে গেছে বলে তিনি দাবি করেন।
এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার পাহারা কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
তিনি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পাহারা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরতদের বাঁশি ও টর্চলাইট উপহার দেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে স্থাপিত এসব চেকপোস্টে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতি রাতে পাহারা ও নজরদারি করছেন। আশা করা হচ্ছে এতে অপরাধ কমে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন