প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি সপ্তাহে বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ আশেপাশের হাওর অধ্যুষিত উপজেলা গুলোতে মাঝারি ও ঘন কুয়াশার প্রভাবে রবিশস্য চাষিরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলমান ঘন কুয়াশা ও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে সরিষা, আলু, টমেটোর মতো ফসলগুলোতে ছত্রাকজনিত রোগ লেট ব্লাইট, পার্পল ব্লচের আক্রমণ দেখা দিচ্ছে। বোরো ধানের চারা হলদে হয়ে যাচ্ছে বলেও জানা গেছে। কৃষকরা আশঙ্কা করছেন যে, শাক-সবজির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে, যা ফলন কমিয়ে দেবে এবং অতিরিক্ত কীটনাশক খরচ বাড়াবে।
কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীর হাওরে মাঠজুড়ে সরিষা, আলু, মাসকলাই, ছোলা, ক্ষীরা, শিম, টমেটো, লাউ, বাঁধাকপি সহ বিভিন্ন রবি ফসলের চাষ করা হয়েছে। এসব রবিশস্যের পরিচর্যার জন্য কৃষকদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তবে গত কয়েক দিনের ঘন কুয়াশার কারণে ফসলে রোগ-বালাইয়ের আক্রমণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বাজিতপুর উপজেলা কৃষিবিভাগের তথ্যমতে, উপজেলায় রবিশস্যের আবাদের লক্ষ্যমাত্রা ১৫ হাজার হেক্টর। বর্তমানে ৩৬৭৮ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। রবি মৌসুমে বাজিতপুরে ৩৭শ’ ৪৩ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
দিলালপুর ইউনিয়নের শশেরদিঘী গ্রামের কৃষক সুরুজ মিয়া মন্তব্য করেন, "কুয়াশার কারণে সবজিতে ছিটপড়া পড়া(দাগ) রোগ দেখা দিয়েছে। এতে ফসলের মান নষ্ট হয়। দীর্ঘদিন কুয়াশা থাকলে ফসলে পচন ধরবে।"
উদাতিয়ারকান্দি গ্রামের কৃষক মহিবুল জানান, "কুয়াশার কারণে ফসলের ক্ষতি হয়। সরিষায় পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। আমরা নিজস্ব পদ্ধতিতে কুয়াশা রোধ করার চেষ্টা করি।"
একই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের কৃষক রজব আলী বলেন, "রাতে ফসলের মাঠে উষ (কুয়াশা) পড়ে। এতে বোরো ধানের চারার ক্ষতি হয়। উষ বেশি পড়লে আমরা আলু ক্ষেতে পলিথিন দিয়ে ছাউনি দেই।"
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতি হয়। তাই এ সময় শস্যক্ষেতের নিয়মিত যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। সকালে রশি টানা দিয়ে বোরো ধানের চারা থেকে কুয়াশার পানি ফেলে দিলে চারা শীত থেকে রক্ষা পায়। এছাড়া, আলু ও টমেটোর প্রতিরোধক হিসেবে ডাইথেন এম ৪৫ ছত্রাকনাশক পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
টানা ঘন ও মাঝারি কুয়াশায় সূর্যের দেখা না মেলায় বীজতলা, সবজিসহ বিভিন্ন রবি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষকদের দিন কাটছে দুঃশ্চিন্তা ও হতাশায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে এখন রবি শস্যের চাষ হচ্ছে। সরিষা, আলু থেকে শুরু করে ডজনখানেক রবি ফসল চাষে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। অনেক ফসল ঘরে তোলার সময়ও হয়ে গেছে। কিন্তু সপ্তাহখানেক ধরে নিয়মিত মাঝারি ও ঘন কুয়াশায় অনেক ফসলের রোগ বালাইসহ নানা সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশায় আলু গাছের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া, ধানের চারা হলদে হয়ে যেতে পারে এবং সরিষাসহ অন্যান্য ফল ফসলে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে।
বাহেরনগর ও তাতালচরের দুই কৃষক বাবু হোসেন ও হোসেন শেখ বলেন, "শীতে বীজতলা নষ্ট হয়ে যায়। ঘন কুয়াশায় আলু ক্ষেতে রোগ দেখা দেয়।"
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পুরো মাস মাঝারি ও ঘন কুয়াশা বজায় থাকবে। সামনে হালকা ও তীব্র শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা বাড়াবে, সেই সাথে জানুয়ারির মাঝামাঝি হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং স্বল্প সময়ের কুয়াশার কারণে রবিশস্যের ক্ষতির আশঙ্কা নেই। তিনি আশা প্রকাশ করেন যে, কিছুদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। কৃষিবিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন