০৯:৩০ পি.এম
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সমির মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য জানান। এর আগে রোববার (২৬ জুলাই) রাতে শিশুটির মা বাদী হয়ে সমিরের বিরুদ্ধে থানায় মামলা করে।
এদিকে, অভিযুক্ত সমির মিয়া সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়া শেষে ভুক্তভোগী শিশুটি এবং তার পাঁচ বছর বয়সী ভাই বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত সমির মিয়া শিশুটিকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির সঙ্গে থাকা ছোট ভাই বাধা দিলে অভিযুক্ত তাকে মারধর করে ভয় দেখান। পরে শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রোববার শিশুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে, শিশুটির মা সমির মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে রাতেই মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত সমির মিয়া পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনার পরপরই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন