০৯:৪২ পি.এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামে এক মহিলা মারধরের অভিযোগ তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে উঠেছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজি সাংবাদিকদের কাছে ঘটনাটি জানান। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এই মারধরের ঘটনা ঘটে।
আহত আকলিমা আক্তার রোজি দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু হোসেন ভুক্তভোগী রোজির প্রথম সংসারের ছেলে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রোজির সঙ্গে কথা বলে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে তার কাছে সম্পত্তি, অর্থাৎ জায়গা-জমি লিখে নেওয়ার চেষ্টা করে আসছে। এক সময় রাজু সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে বিরোধও ঘটে। তবে রোজি কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে রাজি হননি। ঘটনার সময় রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে রোজির কাছে আসে এবং একপর্যায়ে তারা রোজিকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। এতে রোজি রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু তার মাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
রোজি বলেন, "সম্পত্তির জন্য রাজু আমাকে পিটিয়ে আহত করেছে। পরে আমার ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
অভিযুক্ত রাজু হোসেন এবং তার স্ত্রীর কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, "ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন