০৮:৩১ পি.এম
মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। আঞ্চলিক সংঘাত, সম্ভাব্য হামলা, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন মিশনগুলো অভিন্ন ভাষায় এ সতর্কতা জারি করে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সতর্কতার আওতায় রয়েছে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্দান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল। এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ২
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও তাদের সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও রয়েছে।
সউদী আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়েও সতর্ক করেছে মার্কিন দূতাবাস। ইরান-সমর্থিত হুতিদের হামলায় দেশটির বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ও ভ্রমণব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
মার্কিন নাগরিকদের বিমান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট চলবে, এমনটা ধরে না নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি সম্পর্কে খোঁজ রাখতে বলা হয়েছে। ইয়েমেনে থাকা নাগরিকদের ফ্লাইটের তথ্য জানতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কায় জরুরি সতর্কতা জারি
এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য পেতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (স্টেপ) নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং জরুরি যোগাযোগের জন্য মুঠোফোন সচল রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন