বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২২ এম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকলেও আগের দিনের দরপতনের প্রভাব এখনো কাটেনি। বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় দাম বাড়ার গতি থমকে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে।
এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৩.২ শতাংশ। ফলে গত ২৬ আগস্টের পর মার্কিন অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে চাপ পড়ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। এতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও মন্থর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি, ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য খরচ বেড়ে যায়।
বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়েছে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকরা ১৮ নভেম্বরের এক নোটে বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ার আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা তৈরি করছে।
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় বাজারে দরপতনের চাপ আরও বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমন্ডির কলাবাগানের কাঠালবাগ এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের ভবনে অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়।
সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনে মানুষের সাড়া মেলেনি। সকাল থেকে দোকানপাট খোলা ছিল প্রতিদিনের মতো। যানবাহন চলাচলও স্বাভাবিকভাবে হচ্ছে। তবে সকালে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কম দেখা গেছে।
অপ্রীতিকর ঘটনা মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়ি সহ প্রায় সব পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল-গাজীপুর সড়কের আক্কাস আলী নামে এক বাসচালক জানিয়েছেন, "এখন সকাল, তাই গাড়ির সংখ্যা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বাড়বে। সকাল হওয়ায় রাস্তায় লোকজনের সংখ্যাও কম। মানুষ তাদের কর্মস্থলে রওনা হয়েছে।"
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে নগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে তারা মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করেন। পরে রাতের বিভিন্ন সময়ে তারা গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অবস্থান নিয়ে পাহারা দেন।
মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে নেতাকর্মীরা এ পাহারা কর্মসূচি পালন করেছেন। তিনি আরও জানান, নগরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা সংগঠিতভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির এক সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরীর ৩১টি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়নে প্রতিবাদ মিছিল, পাড়া-মহল্লায় শৃঙ্খলা টিম গঠন এবং গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়।
এছাড়া, নগরীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে এ সেল পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা দেবে।
দলীয় নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই এসব কর্মসূচির লক্ষ্য। একই সঙ্গে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুমিনের জীবনে কর্মস্থলের দায়িত্ব পালন একটি অত্যন্ত পবিত্র আমানত। এই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমেই উপার্জন হালাল হতে পারে। হালাল উপার্জন করা ফরজ ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত।
হালাল উপার্জনের গুরুত্ব ইসলামে অন্যান্য ফরজ আদায়ের পর একটি গুরুত্বপূর্ণ ফরজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যই সর্বোত্তম।" (সুনানে বায়হাকি)। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ে তাঁর অনুগ্রহ বা রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। (সুরা জুমুআ: ১০)
কর্মস্থলে ফাঁকি দেওয়া এবং আমানতের খেয়ানত করা একটি বড় অপরাধ। অর্পিত দায়িত্ব পালনে অবহেলা, অমনোযোগ বা ফাঁকি দেওয়া মানে আমানতের খেয়ানত করা। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া কিংবা কাজে ফাঁকিবাজি করা একধরনের প্রতারণা। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, "দায়িত্বে অবহেলা বা সামান্য খেয়ানত করলেও কেয়ামতের মাঠে তাকে চুরির বোঝা মাথায় নিয়ে উঠতে হবে।" (মিশকাতুল মাসাবিহ)। পুরো সময় সততার সঙ্গে কাজ না করলে উপার্জিত বেতনও সম্পূর্ণরূপে হালাল হয় না।
হালাল রিজিক ইবাদত কবুলের পূর্বশর্ত হিসেবে হারাম উপার্জনের ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। হাদিসে উল্লেখ রয়েছে, হারাম পন্থায় অর্জিত সম্পদ থেকে দান-খয়রাত করলেও তা আল্লাহর দরবারে কবুল হয় না এবং তাতে কোনো বরকত থাকে না। হারাম উপার্জনের কারণে মানুষের দীর্ঘ সফর, দোয়া ও ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়।
অন্যদিকে, শ্রমিক বা অধীনস্থদের অধিকার রক্ষায় ইসলাম অত্যন্ত কঠোর নির্দেশনা প্রদান করেছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করার তাগিদ দেওয়া হয়েছে। (সুনানে ইবনে মাজাহ)
নিজ ও পরিবারের জন্য হালাল রিজিক অন্বেষণ করা এবং কর্মস্থলে পূর্ণ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার মাধ্যমেই কেবল দুনিয়ার সাফল্য ও আখিরাতের মুক্তি নিশ্চিত করা সম্ভব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ